ঢাকা, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী অর্থবছরে তৈরি পোশাকসহ সব ধরনের রপ্তানি পণ্যে উৎসে কর কাটার হার বাড়ানোর প্রস্তাব একটি ‘অবিবেচনাপ্রসূত সিদ্ধান্ত’ বলে মনে করে তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ।
শুক্রবার সকালে বিজিএমইএ সম্মেলন কক্ষে ২০১২-১৩ অর্থবছরের বাজেট প্রতিক্রিয়ায় সংগঠনের সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, “এ ট্যাক্স পূরণ করতে হলে ঘর থেকে টাকা এনে এনবিআরকে দিতে হবে। এ ধরনের অবিবেচনাপ্রসূত সিদ্ধান্তের জন্য আমরা তৈরি ছিলাম না।”
বৃহস্পতিবারের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সব ধরনের রপ্তানি পণ্যে ১ দশমিক ২ শতাংশ হারে উৎসে কর কাটার প্রস্তাব করে বলেন, “রপ্তাণি বাণিজ্য থেকে কর আদায় করাও দেশের স্বার্থে দরকার।”
আগে তৈরি পোশাক খাত থেকে শূন্য দশমিক ৭০ শতাংশ এবং অন্যান্য পণ্য রপ্তানি থেকে শূন্য দশমিক ৬০ শতাংশ হারে উৎসে কর কাটা হতো। নতুন অর্থবছরে সব রপ্তানি পণ্যের ক্ষেত্রেই উৎসে কর কাটার একই হার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী।
বিশ্বমন্দায় আন্তর্জাতিক বাজারে পোশাকের চাহিদা কমে যাওয়ার সঙ্গে সঙ্গে পণ্যের মূল্য সঙ্কোচন, গ্যাস-বিদ্যুতের ঘাটতি এবং উৎপাদন খরচ ১০ শতাংশ বৃদ্ধির কথা তুলে ধরে বিজিএমইএ সভাপতি বলেন, “এই প্রেক্ষাপটে কোনোভাবেই করের হার বাড়ানো উচিত হয়নি। বরং উচিত ছিল শূন্য দশমিক ৪০ শতাংশে ফিরে যাওয়া।”
“এই প্রেক্ষাপট বিবেচনায় নিতে আমাদের এনবিআরের বন্ধুরা ভুল করেছেন”, যোগ করেন তিনি।
শফিউল বলেন, সব ধরনের রপ্তানি পণ্যে উৎসে কর কাটার হার শূন্য দশমিক ৬০ শতাংশ থেকে বাড়িয়ে দ্বিগুণ করার অর্থ হলো প্রত্যক্ষ কর ১০০ শতাংশ বৃদ্ধি করা।
“আমরা মনে করি, বর্তমান পরিস্থিতিতে এটি, বিশেষ করে পোশাক শিল্পে বহাল রাখা হলে শিল্পের স্বাভাবিক বিকাশ নিশ্চিতভাবেই ব্যহত হবে।”
এ সিদ্ধান্ত রপ্তানিমুখি শিল্প ও বিনিয়োগ উদ্যোক্তাদের নিরুৎসাহিত করবে বলেও তিনি মত দেন।
বিজিএমইএ মনে করে, নতুন বছরে ৭.২ শতাংশ প্রবৃদ্ধি অর্জনের যে লক্ষ্যমাত্রা সরকার নিয়েছে, করের এই হার তার সঙ্গেও সাংঘর্ষিক হবে।
“কারণ দেশে জিডিপির প্রবৃদ্ধির প্রায় ২৫ শতাংশ আসে ম্যানুফ্যাকচারিং খাত থেকে। আর সেই খাতের সবচেয়ে বড় শিল্পের ওপর এমন করের বোঝা সামঞ্জস্যপূর্ণ নয়”, বলেন শফিউল।
সংসদে বাজেট পাসের আগে কর হার বৃদ্ধির এ সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্যও প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রীর প্রতি অনুরোধ জানান তিনি।
“আমাদের অনুরোধ, এটি শূন্য দশমিক ৪০ শতাংশে না নিতে পারলেও চলতি অর্থ বছরের হার যাতে বহাল রাখা হয়।”
একইসঙ্গে শিল্পে চলমান তিন বছর মেয়াদী প্রণোদনার মেয়দ আরো তিন বছরের জন্য বহাল রাখার আহ্বান জানান শফিউল।
তিনি বলেন, “এ জন্য ২০১২-১৩ অর্থবছরে ৫ শতাংশ এবং পরবর্তী দুই অর্থবছরে ৪ এবং ২ শতাংশ হারে নতুন বাজার প্রণোদনার অনুরোধ করছি।”
বিশ্ব মন্দার প্রেক্ষাপটে ২০০৯-১০ অর্থবছরে শুরু হওয়া প্রণোদনার মেয়াদ চলতি জুনেই শেষ হওয়ার কথা রয়েছে।
অর্থমন্ত্রী বাজেট প্রস্তাবে তৈরি পোশাক শিল্পে কারখানার স্থান ও স্থাপনা ভাড়ার ওপর থেকে ভ্যাট প্রত্যাহার, মূলধনী যন্ত্রপাতি ও যন্ত্রাংশ আমদানিতে শুল্ক শূন্য শতাংশে নামিয়ে আনা এবং রপ্তানিমুখী শিল্পে টেলিফোন, ফ্যাক্স, বীমা, কুরিয়ার, ব্যাংকিং ও নন ব্যাংকিং সেবার ক্ষেত্রে ভ্যাট প্রত্যাহারের যে সুপারিশ করেছেন- তাকে স্বাগত জানিয়েছে বিজিএমইএ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/জেকে/১৪০৫ ঘ.
bdnews24