২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সিপিডির বিশ্লেষণ ‘এ বাজেট বাস্তবায়নে প্রয়োজন প্রশাসনিক বিপ্লব’

এই গবেষণা সংস্থা বলছে, অর্থমন্ত্রী বাজেটে যেসব লক্ষ্যের কথা বলেছেন, তা অর্জনের জন্য প্রয়োজনীয় ‘নীতি’ ও ‘অর্থায়নের’ কথা তার প্রস্তাবে নেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2012, 07:31 AM

Updated : 24 Aug 2022, 11:30 AM

ঢাকা, জুন ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেট বাস্তবায়ন করতে হলে সরকারকে ‘প্রশাসনিক বিপ্লব’ ঘটাতে হবে বলে মনে করে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। এ সংস্থার ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলছেন, অর্থমন্ত্রী বাজেটে যেসব লক্ষ্যের কথা বলেছেন, তা অর্জনের জন্য প্রয়োজনীয় ‘নীতি’ ও ‘অর্থায়নের’ কথা তার প্রস্তাবে নেই। অর্থমন্ত্রী আবুল মাল আবুল মুহিত সংসদে ২০১২-১৩ অর্থবছরের বাজেট প্রস্তাব উপস্থাপনের পরদিন শুক্রবার রাজধানীর ব্রাক সেন্টারে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে প্রতিক্রিয়া জানায় সিপিডি। ১ লাখ ৯১ হাজার ৭৩৮ কোটি টাকা ব্যয়ের যে বাজেট অর্থমন্ত্রী প্রস্তাব করেছেন, তাতে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭ দশমিক ২ শতাংশ। আর মূল্যস্ফীতি ৭ দশমিক ৫ শতাংশের মধ্যে রাখার আশা করা হয়েছে। রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ লাখ ৩৯ হাজার ৬৭০ কোটি টাকা। দেবপ্রিয় বলেন, “আমরা বাজেটে ঘোষিত লক্ষ্যে কোনো সমস্যা দেখছি না। কিন্তু লক্ষ্য বাস্তবায়নে নীতি পাচ্ছি না, অর্থায়নও পাচ্ছি না।” “প্রশাসনিক বিপ্লব ছাড়া এ বাজেট বাস্তবায়ন সম্ভব নয়,” বলেন দেবপ্রিয়। সিপিডি বলছে, দেশের অর্থনৈতিক পরিস্থিতি যতোটা জটিল, তার সামগ্রিকতা বাজেটে প্রতিফলিত হয়নি। আবার নির্বাচনী বাজেটের সৃষ্টিশীলতাও এ বাজেটে নেই। আর্থিক শৃঙ্খলা ফিরিয়ে আনার কোনো উপায়ও বাজেটে বলা হয়নি। তবে সব মিলিয়ে এটি একটি ব্যকরণসিদ্ধ বাজেট। অর্থমন্ত্রী বার্ষিক গড় মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশে বেঁধে রাখার যে আশার কথা বলেছেন, তা অত্যন্ত কঠিন হবে বলে মনে করছেন দেবপ্রিয়। তিনি বলেন, “খাদ্য মূল্যস্ফীতি কমতির দিকে হলেও পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে মূল্যস্ফীতি এখনো ৯ শতাংশের ওপরে। আর গড় গড় মূল্যস্ফীতি দুই অংকের ঘরে। “বাজেটে যেসব ইংগিত দেওয়া হয়েছে, তাতে এ কথা স্পষ্ট যে, আগামীতে জ্বালানি তেল ও বিদ্যুতের দাম আরো বাড়তে পারে। সেক্ষেত্রে পণ্যের দামও বাড়বে। তখন মূল্যস্ফীতিও উর্ধ্বমূখী হবে। সে অবস্থায় মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখা খুবই দুরূহ হবে বলে আমরা মনে করি।” কাক্সিক্ষত জিডিপি প্রবৃদ্ধি অর্জনের বিষয়েও সংশয় প্রকাশ করে সিপিডি ফেলো বলেন, চলতি বছরে ৬ দশমিক ৩ শতাংশ প্রবৃদ্ধি হলে আগামী বছর দশমিক ৯ শতাংশ প্রবৃদ্ধি বাড়তে হবে। এ লক্ষ্য অর্জন করতে হলে বিনিয়োগ বাড়াতে হবে ৪ দশমিক ২ শতাংশ। “অথচ গত ১০ বছরে জিডিপির দশমিক ২ শতাংশ হারে বিনিয়োগ বেড়েছে। আবার বিনিয়োগ বাড়ানোর জন্য বেসরকারি খাতে যে ঋণ প্রবাহ দরকার তা মুদ্রানীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রার সঙ্গে ঋণ প্রবৃদ্ধি মিলছে না। তাই ঘোষিত প্রবৃদ্ধি অর্জন নিয়েও সংশয় রয়েছে।” বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ রাখা প্রসঙ্গে দেবপ্রিয় বলেন, সিপিডি বরাবরই এর বিরোধিতায় বলে আসছে, এর মাধ্যমে প্রকৃত করদাতাদের নিরুৎসাহিত করা হয়। “অর্থমন্ত্রী তার বাজেট বক্তৃতায় এ বিষয়ে কিছু বলেননি। অর্থ বিলে একটি সংশোধনী এনে অনেকটা আড়াল করে এই সুযোগ দেওয়া হয়েছে। আমরা এখনো কালো টাকা সাদা করার বিরোধিতা করছি”, বলেন তিনি। মুহিতের বাজেট প্রস্তাবে বলা হয়েছে, ১০ শতাংশ হারে জরিমানা দিয়ে আগামী অর্থবছরে যে কোনো খাতে কালো টাকা সাদা করা যাবে। দেবপ্রিয় বলেন, “বাজেট পেশের আগে আমরাও জরিমানার প্রস্তাব দিয়েছিলাম। তবে বলেছিলাম, এ সুযোগ বারবার দেওয়া যাবে না।” বাজেটে ব্যক্তিশ্রেণীর ন্যূনতম কর ২ হাজার টাকা থেকে বাড়িয়ে ৩ হাজার টাকা করার প্রস্তাবেরও সমালোচনা করেছে সিপিডি। দেবপ্রিয় বলেন, “আমরা আামদের বাজেট প্রস্তাবে ব্যক্তিশ্রেণীর করদাতাদের করমুক্ত আয় সীমা ১ লাখ ৮০ হাজার টাকা থেকে বাড়িয়ে ২ লাখ করার প্রস্তাব করেছিলাম। অর্থমন্ত্রী তাতে সাড়া না দেওয়ায় আমরা দুঃখ পেয়েছি। কিন্তু অবাক করার বিষয় হলো ন্যূনতম কর ৩ হাজার টাকা করা হয়েছে।” “ঊধ্বমুখী মূল্যস্ফীতির বাজারে এটা সামাজিক ন্যায়ের পরিপন্থী। এর মাধ্যমে কম আয়ের মানুষদেরও করের আওতায় নিয়ে আসা হচ্ছে”, বলেন তিনি। অবশ্য জাতীয় বাজেটে ৫২ হাজার কোটি টাকার ঘাটতিকে খুব একটা বড় অংক বলে মনে করেন না সিপিডির এই ‘সম্মানিত ফেলো’। তিনি বলেন, “টাকার অংকে এটা বিশাল বড় ঘাটতি অংক হতে পারে। কিন্তু জিডিপির ৫ শতাংশ এই ঘাটতি মোটেও বড় নয়। আমাদের চিন্তা অন্য জায়গায়। সেটি ব্যাংক ঋণ নিয়ে। “বাজেটে অভ্যন্তরীণ উৎস থেকে ৩৩ হাজার কোটি টাকা নেওয়ার প্রস্তাব করা হয়েছে, এর মধ্যে ২৩ হাজার কোটি টাকাই নেওয়া হবে ব্যাংক থেকে। এর ফলে বেসরকারি খাতে ঋণ প্রবাহ কমে যেতে পরে, বিনিয়োগও বাধাগ্রস্ত হতে পারে।” দেবপ্রিয় বলেন, “অর্থমন্ত্রী এর আগে বলেছিলেন, চলতি অর্থবছরের ভর্তুকির একটি অংশ পরের অর্থবছরের বাজেটেও স্থানান্তর করা হবে। কিন্তু এবার বাজেট প্রস্তাবে সে বিষয়ে তিনি কিছু বলেননি।” বাজেটে সামগ্রিকভাবে মোট ভর্তুকির পরিমাণ কতো হবে তাও উল্লেখ করা হয়নি বলে মন্তব্য করেন তিনি। সিপিডির এই ফেলো বলেন, “এর মাধ্যমে বিষয়টি অস্বচ্ছতার আবরণে ঢেকে রাখা হয়েছে বলে আমরা মনে করি।” এদিকে কৃষিতে বরাদ্দ কমিয়ে বিদ্যুতে বরাদ্দ বাড়ানোর প্রস্তাবের সমালোচনা করে দেবপ্রিয় বলেন, “সাম্যের দিক দিয়ে সবার জন্য সমান বরাদ্দ দেওয়া উচিৎ। শহর গ্রামে বৈষম্য বাড়ানো উচিৎ নয়।” তার মতে, আগামী অর্থবছরে কৃষিতে ভর্তুকি না বাড়ালে ইউরিয়া ও এমওপি সারের দাম বাড়াতে হবে। এতে উৎপাদন খরচে বেড়ে যাবে এবং খাদ্যপণ্যের দামও বাড়বে। স্বাভাবিকভাবেই মূল্যস্ফিীতিও বেড়ে যাবে। ৫৫ হাজার কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের বিষয়েও সংশয় প্রকাশ করেন এই অর্থনীতিবিদ। তিনি বলেন, এটা বাস্তবায়ন করতে হলে চলতি বছরে খরচ বাড়াতে হবে দেড়গুণ। রপ্তানি পণ্যে উৎসে করের হার বাড়িয়ে ১ দশমিক ২ শতাংশ করার প্রস্তাব প্রসঙ্গে দেবপ্রিয় বলেন, “রপ্তানির ক্ষেত্রে গত কয়েক মাসে নেতিবাচক ধারা সৃষ্টি হয়েছে। এই মুহূর্তে কর বাড়ালেও এতোটা বাড়ানো ঠিক হয়নি বলে আমি মনে করি।” সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ আরো বাড়ানো উচিৎ ছিল মন্তব্য করে তিনি বলেন, “বাজেটে অনেক প্রতিষ্ঠান কার্যকর করার কথা থাকলেও সেগুলো হয়নি। যেমন বেতন কমিশন, রেগুলেটরি কমিশন ইত্যাদি। পিপিপি বাস্তবায়ন না হওয়াটাও দুঃখজনক। আর কয়লার বিষয়ে সরকার এখনো সিদ্ধান্ত নিতে পারলো না।” প্রস্তাবিত বাজেটকে একটি ‘ইন্দ্রজাল’ আখ্যায়িত করে দেবপ্রিয় বলেন, “নির্বাচনের আগের বছর সরকার আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সঙ্গে ঋণ চুক্তি করেছে। এতে একদিকে ভর্তুকি কমাতে হচ্ছে, অন্যদিকে কর বাড়াতে হচ্ছে। তাই এ বাজেটকে ইন্দ্রজালই বলা যায়।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/জেকে/১৫০৪ ঘ.