ঢাকা, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নতুন অর্থবছরের বাজেটে বিদ্যুৎ ও জ্বালানি খাতে ৯ হাজার ৫৪৪ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে, যা মোট বাজেটের ৪ দশমিক ৯৮ শতাংশ।
চলতি ২০১১-১২ অর্থবছরে বিদ্যুৎ ও জ্বালানি খাতে ৮ হাজার ৩১১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছিল। পরে সংশোধিত বাজেটে গিয়ে তা দাঁড়ায় ৭ হাজার ৯৫৭ কোটি টাকা।
বৃহস্পতিবার জাতীয় সংসদে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত তার প্রস্তাবিত বাজেট বক্তৃতায় এই বরাদ্দের কথা ঘোষণা করেন।
নতুন অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে এ খাতে বরাদ্দ রাখা হয়েছে ৯ হাজার ৪৯৮ কোটি টাকা।
চলতি অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বিদ্যুৎ ও জ্বালানি খাতে ৮ হাজার ২৬৭ কোটি টাকা বরাদ্দ রাখা হয়। সংশোধিত বাজেটে তা দাঁড়ায় ৭ হাজার ৯১২ কোটি টাকা।
অর্থমন্ত্রী তার বাজেট বক্তৃতায় ‘লোডশেডিংয়ে দুর্ভোগের’ কথা স্বীকার করে বলেন, “লোড-শেডিংয়ের দুর্ভোগ এখনো পোহাতে হচ্ছে। উন্নয়নের পথ চলতে গিয়ে সব কাজের সফলতা শুরুতে দেখা যায় না। সত্যিকার ফলাফল জাতির সামনে ২০১৩ সালের মধ্যে স্পষ্ট হবে এটা আমি নিশ্চিত।”
বিদ্যুৎ সংকট নিরসনে ২০১৩ সালের মধ্যে অতিরিক্ত বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা ৮ হাজার ২৯৪ মেগাওয়াট পুনর্নির্ধারণ করা হয়েছে বলেও জানান অর্থমন্ত্রী।
তিনি জানান, ইতোমধ্যে সরকারি ও বেসরকারি খাতে মোট ৫২টি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এছাড়া সরকারি ও বেসরকারি খাতে ৫ হাজার ৬০০ মেগাওয়াটের আরো ৩০টি কেন্দ্র স্থাপনের কার্যাদেশ বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।
এছাড়াও ২০১৩ সালের মধ্যে ১ হাজার ২৮৫ মিলিয়ন ঘনফুট অতিরিক্ত গ্যাস জাতীয় গ্রিডে যোগ করার পরিকল্পনা রয়েছে বলে জানান অর্থমন্ত্রী।
চলতি অর্থবছরের বক্তৃতায় বিদ্যুৎ উৎপাদনের বিকল্প জ্বালানি হিসেবে ২০১২ সালের মধ্যে কাতার থেকে দৈনিক ৫০০ ঘনফুট গ্যাসের সমপরিমাণ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি করা হবে জানানো হলেও এ ব্যাপারে কোনো অগ্রগতি হয়নি বলে জানান আবুল মাল আব্দুল মহিত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/সিএস/০১৫২ ঘ.
bdnews24