২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কৃষিতে ভর্তুকি ৬ হাজার কোটি টাকা

বাজেটে কৃষি মন্ত্রণালয়ের জন্য ৮ হাজার ৯১৭ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে, এরমধ্যে ৬ হাজার কোটি টাকা রাখা হয়েছে ভর্তুকি বাবদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2012, 07:48 PM

Updated : 24 Aug 2022, 11:29 AM

ঢাকা, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাজেটে কৃষি মন্ত্রণালয়ের জন্য ৮ হাজার ৯১৭ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে, এরমধ্যে ৬ হাজার কোটি টাকা রাখা হয়েছে ভর্তুকি বাবদ। বৃহস্পতিবার সংসদে ২০১২-১৩ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটে এ বরাদ্দের ঘোষণা দেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বাজেট বক্তব্যে বলেন, কৃষক বাঁচলে দেশ বাঁচবে। গত তিনটি বাজেটের মতো এ বাজেটেও কৃষি এবং পল্লী উন্নয়নকে সমন্বিতভাবে বিবেচনায় নেওয়া হয়েছে। একটি সামগ্রিক পরিকল্পনার অংশ হিসেবে এ খাতে প্রয়োজনীয় বাজেট বরাদ্দের প্রস্তাব করেন অর্থমন্ত্রী। চলতি অর্থবছরের মূল বাজেটে কৃষি মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ রাখা হয়েছিল ৭ হাজার ৪১০ কোটি টাকা, তবে সংশোধিত বাজেটে সেই বরাদ্দ বাড়িয়ে করা হয় ৯ হাজার ২৬০ কোটি টাকা। গত তিন বছর ধরে কৃষি খাতে প্রবৃদ্ধির কথা উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, কৃষি খাতে প্রতিবছর গড়ে ৪ দশমিক ৭ শতাংশ এবং কৃষি পণ্যে গড়ে ৫ দশমিক ৬ শতাংশ হারে প্রবৃদ্ধি হয়েছে। “আমাদের লক্ষ্য ২০১৩ সালের মধ্যে বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করা,” যোগ করেন অর্থমন্ত্রী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/সিএস/০১৪৬ ঘ.