২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

খাদ্য মজুদ ও গুদামের ধারণ-ক্ষমতা বাড়ানোর প্রস্তাব

খাদ্য নিরাপত্তা নিশ্চিতে আপদকালীন মজুদ, খাদ্য গুদামের ধারণ-ক্ষমতা বৃদ্ধি এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে সুযোগ-সুবিধা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে আগামী অর্থবছরের বাজেটে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2012, 06:21 PM

Updated : 24 Aug 2022, 11:29 AM

ঢাকা, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খাদ্য নিরাপত্তা নিশ্চিতে আপদকালীন মজুদ, খাদ্য গুদামের ধারণ-ক্ষমতা বৃদ্ধি এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে সুযোগ-সুবিধা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে আগামী অর্থবছরের বাজেটে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১২-১৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন। বাজেট বক্তৃতায় মুহিত বলেন, “খাদ্যশস্যের দাম দরিদ্র জনগোষ্ঠীর ক্রয়-ক্ষমতার মধ্যে রেখে কৃষকের জন্য ন্যায্যমূল্য নিশ্চিত করা সরকারের বড় চ্যালেঞ্জ। সরকার এ কাজটি অত্যন্ত সাফল্যের সঙ্গে করেছে।” ইতোমধ্যে ন্যায্যমূল্যের (ফেয়ার প্রাইস) ১২ লাখ কার্ড বিতরণ করা হয়েছে। এছাড়া কাজের বিনিময়ে খাদ্য, ভিজিডি, ভিজিএফ ও জিআরসহ সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধাভোগীর সংখ্যা তিন কোটিতে উন্নীত করা হয়েছে। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে দেশের গুদামগুলোতে বর্তমানে রেকর্ড পরিমাণ ১৪ লাখ ৭৬ হাজার ১১৫ মেট্রিক টন খাদ্যশস্য মজুদ রয়েছে। দেশের খাদ্য গুদামগুলোর ধারণক্ষমতা সাড়ে ১৪ লাখ টন থেকে সাড়ে ১৬ লাখ টনে উন্নীত করা হয়েছে। আগামী ২০১৫ সালের মধ্যে এগুলোর ধারণক্ষমতা ২২ লাখ টনে উন্নীত করা হবে। ২০১৩ সালে এগুলোর ধারণ-ক্ষমতা বাড়বে দুই লাখ ৪০ হাজার টন। অর্থমন্ত্রী জানান, খাদ্য নিরাপত্তা নিশ্চিতে এবং কৃষকদের ন্যায্যমূল্য দিতে গত আমন মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে রেকর্ড সাড়ে তিন লাখ মেট্রিক টন চাল সংগ্রহ করা হয়েছে। ইতোমধ্যে চলতি বোরো মৌসুমে চাল সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। এর মাধ্যমে দেশীয় বাজার থেকেই ১০ লাখ টন চাল সংগ্রহ করা হবে। বাজেটে কৃষি খাতে আট হাজার ৯১১ কোটি এবং খাদ্য মন্ত্রণালয়ের জন্য এক হাজার ৮০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। তবে খাদ্য মন্ত্রণালয়ের জন্য দেওয়া বরাদ্দে খাদ্যশস্য সংগ্রহের বিষয়টিকে অন্তর্ভুক্ত করা হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএইচ/এইচএ/০০১০ ঘ.