২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনমুখী বাজেট: এরশাদ

প্রস্তাবিত বাজেটকে নির্বাচনমুখী ও কল্পনাবিলাসী অভিহিত করে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ এর বাস্তবায়ন নিয়ে সংশয় প্রকাশ করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2012, 06:03 PM

Updated : 24 Aug 2022, 11:29 AM

ঢাকা, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রস্তাবিত বাজেটকে নির্বাচনমুখী ও কল্পনাবিলাসী অভিহিত করে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ এর বাস্তবায়ন নিয়ে সংশয় প্রকাশ করেছেন। বৃহস্পতিবার রাতে এক বিবৃতিতে তিনি বলেন, “প্রত্যেক সরকার মেয়াদকালের শেষে নির্বাচন-অনুকূল বাজেট করে থাকে। প্রস্তাবিত বাজেট কিছুটা হলেও নির্বাচনমুখী। সেই হিসাবে এ বাজেট কল্পনাবিলাসীও। সেখানে অনেক প্রত্যাশার কথা আছে।” অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জাতীয় সংসদে ২০১২-১৩ অর্থবছরের জন্য প্রায় এক লাখ ৯২ হাজার কোটির প্রস্তাবিত বাজেট পেশ করেন। সাবেক রাষ্ট্রপতি এরশাদ তার শাসনামলে ৯টি বাজেটের অভিজ্ঞতার আলোকে প্রস্তাবিত বাজেটকে ‘সুন্দর’ উল্লেখ করে বলেন, যে কোনো সরকারই বাজেট প্রণয়নে দেশ ও জাতির স্বার্থের কথা চিন্তা করে থাকেন। “কিন্তু দক্ষতা, অভিজ্ঞতা ও সুষ্ঠু পরিকল্পনার ব্যত্যয় ঘটলে বাজেট কল্পনাবিলাসী হয়ে যায় এবং তা বাস্তবায়ন অসম্ভব হয়ে দাঁড়ায়; জনগণের প্রত্যাশাও অপূরণ থেকে যায়,” বলেন সাবেক এই সামরিক শাসক। ক্ষমতাসীন মহাজোটের নেতা এরশাদ বিবৃতিতে আরো বলেন, চলতি অর্থ বছরের তুলনায় প্রস্তাবিত বাজেটের আয়তন প্রায় ১৮ শতাংশ বেড়েছে। “চলতি বাজেটের প্রতিশ্রুতিই যেখানে পূরণ হয়নি, সেখানে প্রস্তাবিত এই বৃহৎ বাজেট কীভাবে বাস্তবায়িত হবে- সে ব্যাপারে জনগণ নিশ্চিত হতে পারবে না।” তবে সরকার যথাযথভাবে এই বাজেট বাস্তবায়নে ‘সচেষ্ট’ থাকবেন বলেও আশা করেন এরশাদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/সিএস/এমআই/০০০০ ঘ.