ঢাকা, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলতি অর্থবছরের সংশোধিত বাজেটের তুলনায় বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের জন্য আগামী অর্থবছরে ৩ গুণেরও বেশি অর্থ বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।
২০১১-১২ অর্থবছরে এই মন্ত্রণালয়ের জন্য সংশোধিত বাজেট ১০৬ কোটি টাকা। বৃহস্পতিবারের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ২০১২-১৩ অর্থবছরের জন্য ৩৪৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেন। এর মধ্যে উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ৩২৬ কোটি টাকা। আর অনুন্নয়ন ব্যয় ২২ কোটি টাকা।
মন্ত্রী তার বক্তৃতায় বলেন, “আমরা বাংলাদেশ বিমানকে একটি দক্ষ ও সেবামুখি প্রতিষ্ঠানে রুপান্তর করতে চেয়েছিলাম। এক্ষেত্রে আমাদের সফলতা হয়তো তেমন নেই। তবে প্রচেষ্টা অব্যাহত রয়েছে।”
তিনি জানান, ১০টি উড়োজাহাজ কেনার পরিকল্পনা হাতে নেয়া হলেও ২০১১ সালের শেষভাগে ২টি সংগ্রহ করা হয়েছে। ২০১৩ সালে আরো দুটি পাওয়া যাবে।
বিমানের সক্ষমতা বৃদ্ধি প্রসঙ্গে মুহিত বলেন, আগামী অর্থবছরের মধ্যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে ক্যাটাগরি-১ মানে উন্নীত করার লক্ষ্যে সরকারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। খান জাহান আলী স্টল পোর্ট বন্দরকে পূর্ণাঙ্গ অভ্যন্তরীণ বিমানবন্দরে রূপান্তরের পরিকল্পনা সরকারের রয়েছে। সৈয়দপুর বিমানবন্দর ব্যবহারে ভূটানের আগ্রহের প্রেক্ষিতে উভয় সরকারের মধ্যে আলোচনা চলছে।
এছাড়া প্রতিশ্র“তি অনুযায়ী বিমানে ভ্রমণ ও মালামাল পরিবহনকে ই-বানিজ্যের আওতায় আনা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/এইচএ/২৩৪১ ঘ.
bdnews24