ঢাকা, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রস্তাবিত বাজেটকে উন্নয়ন ও কল্যাণমুখী অভিহিত করে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন বলেছেন, তা বাস্তবায়নযোগ্য।
বৃহস্পতিবার রাতে বাজেটের ওপর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমার বিবেচনায় বাজেট খুব ভালো হয়েছে। প্রস্তাবিত বাজেট ইতিবাচক, উন্নয়ন ও কল্যাণমুখী এবং বাস্তবায়নযোগ্য।”
জাতীয় সংসদে বিকালে অর্থমন্ত্রী ২০১২-১৩ অর্থবছরের জন্য ১ লাখ ৯১ হাজার ৭৩৮ কোটি টাকার বাজেট উপস্থাপন করেন।
এতে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭ দশমিক ২ শতাংশ। মূল্যস্ফীতি ৭ দশমিক ৫ শতাংশে রাখার আশা করা হয়েছে।
ফরাসউদ্দিন বলেন, “নতুন বাজেটে দেশীয় শিল্পকে যথেষ্ট সুরক্ষা দেওয়া হয়েছে, এটা খুবই ইতিবাচক। অন্যদিকে সামাজিক সুরক্ষা ব্যাপকভাবে সম্প্রসারণ করা হয়েছে। নারীদের উন্নয়নেও বরাদ্দ বাড়ানোসহ নানা পদক্ষেপ নেওয়া হয়েছে।”
তবে বাজেটে সব ধরনের রপ্তানি পণ্যের উৎসে কর কাটার হার বাড়ানো উচিৎ হয়নি বলে মনে করেন সাবেক গভর্নর।
তৈরি পোশাক খাতসহ সব পণ্য রপ্তানিতে উৎসে কর কাটার হার ১ দশমিক ২ শতাংশ করার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। আগে তৈরি পোশাকে এই হার ছিল শূন্য দশমিক ৭০ শতাংশ এবং অন্যান্য পণ্যে শূন্য দশমিক ৬০ শতাংশ।
ফরাসউদ্দিন রপ্তানিতে উৎসে করের এই হার পুনর্বিবেচনার জন্য অর্থমন্ত্রীর কাছে অনুরোধ রেখেছেন।
“আরেকটি বিষয়। বাজেট প্রণয়ন প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই সঞ্চয়পত্রের মুনাফার ওপর থেকে ৫ শতাংশ উৎসে কর প্রত্যাহারের দাবি জানিয়ে আসছি। বিশেষ করে পেনশনারস সঞ্চয়পত্রের উৎসে কর প্রত্যাহারের জন্য অর্থমন্ত্রীকে অনুরোধ করেছি। কিন্তু বাজেটে এ বিষয়ে কিছু না থাকায় কষ্ট পেয়েছি,” বলেন ফরাসউদ্দিন।
সিগারেটের ওপর কর বাড়ানোর প্রস্তাবের প্রশংসা করে তিনি বলেন, “একে আমি স্বাধুবাদ জানাই। এছাড়া ফল আমদানি নিরুৎসাহিত করতে শুল্ক বাড়ানো হয়েছে, এটাকেও আমি ভালো মনে করি। এ উদ্যোগ স্থানীয় ফল উৎপাদনকে উৎসাহিত করবে বলে আমি মনে করি।”
সামাজিক নিরাপত্তা বিষয়ে ফরাসউদ্দিন বলেন, সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতা বাড়িয়ে তাতে প্রথমবারের মতো অনগ্রসর জনগোষ্ঠী দলিত, হরিজন, বেদে ও হিজড়াদের জন্য অর্থ বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। বাজেটে সামাজিক নিরাপত্তা ও ক্ষমতায়ন খাতের জন্য ২২ হাজার ৭৫০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।
“এই বরাদ্দ দারিদ্র্য বিমোচনে বিশেষ অবদান রাখবে বলে আমি মনে করি।”
“শিক্ষা খাতেও ভালো বরাদ্দ রাখা হয়েছে। এছাড়া শিক্ষার উন্নয়নে নানা ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে,” বলেন ফরাসউদ্দিন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এমআই/২৩৫৩ ঘ.
bdnews24