২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জলবায়ু তহবিলে ৪০০ কোটি টাকা

প্রস্তাবিত বাজেটে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় গঠিত তহবিলে ৪০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2012, 06:10 PM

Updated : 24 Aug 2022, 11:29 AM

ঢাকা, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রস্তাবিত বাজেটে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় গঠিত তহবিলে ৪০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় ২০০৯ সালে বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড (বিসিসিটিএফ) গঠনের পর এই তহবিলে এ পর্যন্ত ২ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এ তহবিলের আওতায় এ পর্যন্ত ৮২টি প্রকল্প নেওয়া হয়েছে। বৃহস্পতিবার বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের সম্ভাব্য বিপর্যয়ের দিক থেকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশ বাংলাদেশ। সম্প্রতি শেষ হওয়া ‘জলবায়ু পরিবর্তন সম্মেলনে’ বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। নিজস্ব অর্থায়নে বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড গঠন করা হয়েছে বলে জানান তিনি। অর্থমন্ত্রী মুহিত বলেন, “জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় আমরা এ সংক্রান্ত কৌশল ও কার্যক্রম পরিকল্পনা (বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ স্ট্রাটেজি অ্যান্ড অ্যাকশন প্ল্যান, ২০০৯ প্রণয়ন করেছি। একইসাথে ‘জলবায়ু পরিবর্তন ট্রাস্ট আইন, ২০১০’ প্রণয়ন করা হয়েছে।” এছাড়া উন্নয়ন সহযোগীদের আর্থিক সহায়তায় ১১ কোটি ৩৫ লাখ ডলারের ‘বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ রেসিলিয়েন্স ফান্ড’ গঠন করা হয়েছে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/এএইচ/০০১২ ঘ.