২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘ধারাবাহিকতার বাজেট’

২০১২-১৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সুসংবাদ কিংবা দুঃসংবাদ দুটোর কিছুই দেখছেন না ক্ষমতাসীন মহাজোট শরিক ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2012, 05:26 PM

Updated : 24 Aug 2022, 11:29 AM

ঢাকা, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২০১২-১৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সুসংবাদ কিংবা দুঃসংবাদ দুটোর কিছুই দেখছেন না ক্ষমতাসীন মহাজোট শরিক ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। বাজেট ঘোষণার পর বৃহস্পতিবার রাতে এক প্রতিক্রিয়ায় তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাজেটে ধারাবাহিকতা রক্ষা করা হয়েছে মাত্র। সুসংবাদ নেই, কোনো দুঃসংবাদও নেই।” জাতীয় শিক্ষানীতি বাস্তবায়নে বাজেটে বরাদ্দ না থাকায় ক্ষোভ প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির এই সভাপতি বলেন, এ নিয়ে কমিটির বৈঠকে আলোচনা করবেন তিনি। ঘোষিত ১ লাখ ৯২ হাজার কোটি টাকার বাজেট কতটুকু বাস্তবায়ন করা যাবে, তা নিয়েও সংশয় রয়েছে বামপন্থী এই নেতার। “বিদ্যুৎ খাতের বিষয়ে বাজেটে বিশেষ কোনো নির্দেশনা নেই, নির্দেশনা থাকলে ভালো হতো। কারণ বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ,” বলেন তিনি। প্রস্তাবিত বাজেটকে ‘ধনিক শ্রেণীর স্বার্থরক্ষার দলিল’ অভিহিত করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। দলের সভাপতি মনজুরুল আহসান খান এবং সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম এক বিবৃতিতে বলেন, প্রস্তাবিত জাতীয় বাজেট নীতি ও দর্শনের দিক থেকে গতানুগতিক এবং ধনিক শ্রেণীর স্বার্থরক্ষার দলিল। বিবৃতিতে বলা হয়, “এই বাজেট মুক্তিযুদ্ধের চেতনা-ধারা তথা চার রাষ্ট্রীয় মূলনীতির ভিত্তিতে রচিত হয়নি। এতে সংখ্যাগরিষ্ঠ দরিদ্র মানুষের জন্য কিছু লোক দেখানো প্রচেষ্টা থাকলেও বাজেটের সামগ্রিক আয়োজনের লক্ষ্যই হলো ধনীকে আরো ধনী হওয়ার সুযোগ করে দেওয়া।” বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ মনে করে, ঋণনির্ভর-ঘাটতি বৃদ্ধির ফলে মূল্যস্ফীতি ও জনগণের দুর্দশা বাড়াবে। দলটির এক বিবৃতিতে বলা হয়, “অর্থমন্ত্রী আগামী অর্থবছরে মূল্যস্ফীতি কমিয়ে ৭ দশমিক ৫ শতাংশে নামিয়ে আনার যে লক্ষ্যমাত্রা বাজেটে ঘোষণা করেছেন, তা জনগণের সঙ্গে প্রতারণার সামিল।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এমআই/২৩৩০ ঘ.