ঢাকা, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী অর্থবছরও সরকারি-বেসরকারি অংশীদারিত্ব (পিপিপি) উদ্যোগ খাতে ৩ হাজার কোটি টাকা বরাদ্দ রাখার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
মহাজোট সরকারের প্রথম অর্থবছরে (২০০৯-১০) পিপিপি খাতে আড়াই হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছিল। এরপর থেকে প্রতি অর্থবছরে এ খাতে ৩ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হচ্ছে, কিন্তু কোনো অর্থবছরেই এ টাকা খরচ হয়নি।
বৃহস্পতিবার জাতীয় সংসদে মহাজোট সরকারের যে চতুর্থ বাজেট অর্থমন্ত্রী উপস্থাপন করেছেন, তাতে তিনি আবার ৩ হাজার কোটি রাখার প্রস্তাব করেন।
মুহিত বলেন, “আশানুরূপ না হলেও উল্লেখযোগ্য সংখ্যক পিপিপি প্রকল্প অনুমোদিত হয়েছে। আমি আশাবাদী, শিগগির এই প্রকল্পগুলোর বাস্তবায়ন শুরু করা যাবে।”
তিনি বলেন, পিপিপির আওতায় বিদ্যুৎ প্রকল্প, স্থল-বন্দরসহ অন্যান্য অবকাঠামো খাতে কয়েকটি প্রকল্প ‘সফল’ হয়েছে। পাঁচটি মন্ত্রণালয়/বিভাগের অধীনে পাইলট ভিত্তিতে বাস্তবায়নের জন্য ইতোমধ্যে আটটি প্রকল্প চিহ্নিত করা হয়েছে।
পিপিপি চুক্তির দীর্ঘমেয়াদি বৈশিষ্ট্যের কারণে মন্ত্রণালয় ও বিভাগগুলোর কর্মকর্তাদের দক্ষতা উন্নয়নের কাজ চলছে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, পিপিপি প্রকল্পের নীতি, কৌশল, বাছাই ও অনুমোদনের জন্য আইনের একটি খসড়াও হয়েছে।
তিনি আরো বলেন, “পিপিপি বিষয়ে চলতি মাসের মধ্যে অর্থ বিভাগে স্থাপিত পিপিপি ইউনিট একটি ম্যানুয়েল উপহার দেবে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এমআই/২৩১০ ঘ.
bdnews24