ঢাকা, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের পর এবার মিয়ানমার থেকে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানির পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১২-১৩ অর্থবছরের বাজেট বক্তৃতায় বিদ্যুৎ ও জ্বালানি খাত উন্নয়নে পথ নকশা উপস্থানের সময় একথা জানান তিনি।
মুহিত বলেন, মিয়ানমারের রাখাইন অঞ্চলের লেম্রো নদীতে স্থাপিতব্য জলবিদ্যুৎ কেন্দ্র থেকে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানির পরিকল্পনা নেওয়া হয়েছে।
২০১৫ থেকে ১৭ সালের মধ্যে এ বিদ্যুৎ আমদানি সম্ভব বলে আশা করছেন তিনি।
এজন্য রাখাইন রাজ্য থেকে চট্টগ্রাম পর্যন্ত পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) ২৩০ কেভি সঞ্চালন লাইনের মাধ্যমে এ বিদ্যুৎ আনা হবে। ভবিষ্যতে এই সঞ্চালন লাইন ৪০০ কেভিতে উন্নীত করা হবে বলে জানান অর্থমন্ত্রী।
এর আগে ভারত থেকে বিদ্যুৎ আমদানির জন্য গত ২৮ ফেব্রুয়ারি নয়া দিল্লিতে বাংলাদেশ ও ভারতের একটি চুক্তি হয়।
এছাড়া আরো ২৫০ মেগাওয়াট বিদ্যুৎ কিনতে দরপত্র আহ্বান করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এমআই/২২৫৩ ঘ.
bdnews24