২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাংক ঋণের লক্ষ্যমাত্রা বেশি: এফবিসিসিআই

ঘাটতি মেটাতে আগামী অর্থবছরে অভ্যন্তরীণ খাত থেকে সরকারের ঋণের লক্ষ্যমাত্রা কমানোর অনুরোধ জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2012, 04:44 PM

Updated : 24 Aug 2022, 11:30 AM

ঢাকা, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘাটতি মেটাতে আগামী অর্থবছরে অভ্যন্তরীণ খাত থেকে সরকারের ঋণের লক্ষ্যমাত্রা কমানোর অনুরোধ জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। বৃহস্পতিবার সংসদে প্রস্তাবিত ২০১২-১৩ সালের বাজেটে অর্থমন্ত্রী ব্যাংক ঋণের লক্ষ্যমাত্রা ঠিক করেছেন ২৩ হাজার কোটি টাকা, যা বিদায়ী অর্থবছরের ঘোষিত লক্ষ্যমাত্রার চেয়ে ৫ হাজার কোটি টাকা বেশি। বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত অবশ্য বলছেন, ব্যাংক থেকে ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা অঙ্কের হিসেবে গতবারের চেয়ে বেশি হলেও জিডিপির তুলনায় গতবারের চেয়ে কম। অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতা টেলিভিশনে দেখার পর এফবিসিসিআই সভাপতি এ কে আজাদ তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের বলেন, “সরকার ব্যাংক থেকে যদি এই বিপুল পরিমাণ টাকা ঋণ নেয়, তাহলে বেসরকারি খাত ক্ষতিগ্রস্ত হবে। তারল্য সঙ্কট বাড়বে। ব্যাংকের সুদের হারও বাড়বে।” করদাতাদের ওপর চাপ না বাড়িয়ে এর পরিধি বাড়ানোর অনুরোধ জানিয়েছেন এফবিসিসিআই সভাপতি। প্রস্তাবিত বাজেটের বিষয়ে আজাদ বলেন, “কিছু কিছু ক্ষেত্রে ভালো উদ্যোগ সামনে এসেছে। যেমন জাহাজ নির্মাণ শিল্প, ওষুধ শিল্প, ভোজ্য তেল এবং সিরামিকে ভর্তুকি।” বাজেট নিয়ে আগামী শুক্রবার এফবিসিসিআইয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হবে বলে তিনি জানান। “আংশিকভাবে বাজেট মূল্যায়ন করা মুশকিল। পূর্ণাঙ্গ বাজেট নিয়ে আগামীকাল সকাল থেকে আলোচনায় বসবে এফবিসিসিআই নেতারা। এরপর বিকাল ৩টায় গণমাধ্যমে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হবে,” বলেন আজাদ। চট্টগ্রাম চেম্বার সভাপতির প্রতিক্রিয়া অর্থমন্ত্রীর প্রস্তাবিত বাজেটের প্রশংসা করেছেন চট্টগ্রাম চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মোরশেদ মুরাদ ইব্রাহিম। তবে ব্যক্তি শ্রেণির করদাতাদের ন্যূততম করের অঙ্ক বাড়ানোর বিরূপ প্রভাব পড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করেন তিনি। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে চট্টগ্রাম চেম্বার সভাপতি বলেন, ভৌত অবকাঠামোর ক্ষেত্রে ৫৩ হাজার ৩৩০ কোটি টাকার বরাদ্দ কৃষিকে স্বয়ংসম্পূর্ণ হওয়ার ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করবে। পরিবেশবান্ধব শিল্পায়নে নানা ধরনের কর রেয়াত এবং এক্ষেত্রে ঋণ সহজলভ্য করাসহ বাংলাদেশে ব্যাংকের মাধ্যমে রিফাইন্যান্সিং ব্যবস্থা গ্রহণ করায় অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি। চেম্বার সভাপতি বলেন, ৫৫ হাজার কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি যথেষ্ট আশাপ্রদ হলেও ৫২ হাজার ৬৮ কোটি টাকার বাজেট ঘাটতি মোকাবেলা সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। দ্রব্যমূল্য জনসাধারণের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে চাল, ডাল, গম, চিনি, ভোজ্যতেল, পেঁয়াজ, সার, বীজ, জীবনরক্ষাকারী ওষুধ ও তুলার ওপর বিদ্যমান শূন্য শতাংশ শুল্কহার অব্যাহত রাখার প্রস্তাবেও সন্তোষ প্রকাশ করেন তিনি। ব্যক্তি খাতে ন্যূনতম করমুক্ত আয়সীমা বর্তমান উচ্চ মূল্যস্ফীতি, জীবন যাত্রার ব্যয় বৃদ্ধি ও টাকার মূল্যমান হ্রাসের বিষয়গুলো বিবেচনায় নিয়ে ৩ লাখ টাকা হওয়া উচিত বলে মনে করেন মোরশেদ মুরাদ। ব্যক্তিশ্রেণীর করদাতাদের ন্যূনতম কর ২ হাজার থেকে বাড়িয়ে ৩ হাজার টাকা করার প্রস্তাব পুনর্বিবেচনার জন্য সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/এমএমআর/এমআই/২২৪৬ ঘ.