২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নারী উদ্যোক্তাদের জন্য শত কোটি টাকা থোক বরাদ্দ

আগামী অর্থবছরের বাজেটে ক্ষুদ্র ও মাঝারি শিল্পে (এসএমই) নারী শিল্প উদ্যোক্তাদের জন্য ১০০ কোটি টাকার থোক বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2012, 05:13 PM

Updated : 24 Aug 2022, 11:29 AM

ঢাকা, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী অর্থবছরের বাজেটে ক্ষুদ্র ও মাঝারি শিল্পে (এসএমই) নারী শিল্প উদ্যোক্তাদের জন্য ১০০ কোটি টাকার থোক বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। তিনি একে ‘নারীবান্ধব এসএমই কার্যক্রম’ বলেও আখ্যায়িত করেন। এর আগে নারী উদ্যোক্তাদের জন্য ২৫ লাখ টাকা পর্যন্ত বন্ধকবিহীন ঋণের ব্যবস্থা, এসএমই ফাউন্ডেশনের মাধ্যমে সৃজনশীল উদ্যোক্তাদের জন্য জাতীয় এসএমই নারী উদ্যোক্তা পুরস্কার চালুর প্রসঙ্গ উল্লেখ করে বৃহস্পতিবার মন্ত্রী তার বাজেট বক্তৃতায় বলেন, “এর বাইরে আমি নারী শিল্প উদ্যোক্তাদের জন্য আগামী বাজেটে ১০০ কোটি টাকা থোক বরাদ্দের প্রস্তাব করছি।” তিনি জানান, এসএমই খাতের উন্নয়নে ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা গত বাজেটে ২৩ হাজার ৯৯৫ কোটি টাকা নির্ধারণ করা হয়েছিলো। এরই ধারাবাহিকতায় পরবর্তীতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহ ক্ষুদ্র ও মাঝারি শিল্পে ঋণ বিতরণ কার্যক্রম জোরদার করে। বাংলাদেশ ব্যাংক পরিচালিত এসএমই পুনঃঅর্থায়ন স্কিমের ৪ টি তহবিল থেকে এপ্রিল ২০১২ পর্যন্ত মোট ২ হাজার ৩৩০ কোটি ১৪ লাখ টাকার পুনঃঅর্থায়ন করা হয়েছে। “এই পুনঃঅর্থায়ন স্কিমের সমুদয় অর্থের ন্যুনতম ১৫ শতাংশ মহিলা উদ্যোক্তাদের জন্য বরাদ্দ রাখা হয়েছে।” “প্রতিটি ব্যাংক ও নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানে আবশ্যিকভাবে স্বতন্ত্র নারী উদ্যোক্তাদের জন্য নির্দিষ্ট ডেস্ক বরাদ্দের নির্দেশ দেওয়া হয়েছে”, যোগ করেন মুহিত। মন্ত্রীর বক্তৃতা থেকে জানা যায়, ক্ষুদ্র ও কুটির শিল্প স্থাপনে অবকাঠামোগত সুবিধা প্রদানের লক্ষ্যে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের ৭৪ টি শিল্প নগরীতে মার্চ ২০১২ পর্যন্ত ৯ হাজার ৬৯৯ টি প্লট শিল্প ইউনিটের আনুকূলে বরাদ্দ দেওয়া হয়েছে। ২০১০-১১ অর্থবছরে এসব শিল্প ইউনিটে উৎপাদিত হয়েছে ২৯ হাজার ২৭ কোটি টাকার পণ্য। এর মধ্যে রপ্তানি পণ্য রয়েছে ১৬ হাজার ৬৫৯ কোটি টাকার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/এইচএ/২৩০৬ ঘ.