২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার বাজেট ভাবনা ‘অজ্ঞতাপ্রসূত’: মুহিত

খালেদা জিয়ার বাজেট ভাবনাকে ‘অজ্ঞতাপ্রসূত’ বলে অভিহিত করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2012, 03:19 PM

Updated : 24 Aug 2022, 11:30 AM

ঢাকা, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খালেদা জিয়ার বাজেট ভাবনাকে ‘অজ্ঞতাপ্রসূত’ বলে অভিহিত করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। মুহিত ২০১২-১৩ সালের প্রস্তাবিত বাজেট বক্তৃতায় বিরোধী দলের বাজেট ভাবনার সমালোচনা করে বলেন, “উনি (খালেদা) সংসদে এসে সেই বিবৃতি দিতে পারতেন। দুঃখের বিষয় তিনি সংসদে এসে তা দিলেন না। তার বক্তব্য সংসদের বাইরে থেকে এসেছে। তার এই বিবৃতি নিয়ে এখন বিতর্ক চলছে।” “তার এই বক্তব্য থেকে বিশেষ কোনো প্রস্তাব আসেনি”, যোগ করেন অর্থমন্ত্রী। অর্থমন্ত্রী বৃহস্পতিবার লিখিত বাজেট বক্তৃতা দিলেও তিনি এই কথাগুলো এর বাইরে বলেন। মুহিত বলেন, “কে না জানে? আমরা সবাই জানি ২০০১ থেকে ২০০৬ ছিলো সবচেয়ে দুর্নীতিপরায়ণ ও লুটপাটের ইতিহাস।” বিরোধী দলীয় নেতার বক্তব্যের জবাবে মুহিত বলেন, “পদ্মা সেতু নিয়ে কোনো দুর্নীতি হয়নি। বিশ্বব্যাংক দুর্নীতির সম্ভাবনা নিয়েই চিন্তিত।” ২০১২-১৩ সালের জন্য অর্থমন্ত্রীর বাজেট প্রস্তাবের দুদিন আগে মঙ্গলবার সোনারগাঁও হোটেলে এক সুধী সমাবেশে বিএনপির বাজেট ভাবনা তুলে ধরেন খালেদা জিয়া । এই ক্ষেত্রে সংবাদপত্রে প্রকাশিত বিভিন্ন তথ্য ব্যবহার করেন তিনি। বিএনপি চেয়ারপারসন বলেন, “প্রস্তাবিত বাজেটে ৫০ হাজার কোটি টাকা ঘাটতি ধরা হবে বলে সংবাদপত্র সূত্রে জানা যায়। বাজেটের আকার হবে ১ লাখ ৯০ হাজার কোটি টাকা। বিশাল অঙ্কের এই ঘাটতি বাজেট অর্থায়নের জন্য অভ্যন্তরীণভাবে ২৫ শতাংশ পর্যন্ত ঋণ নিতে হবে ব্যাংক খাত থেকে। “বাজেটে অর্থযোগান দেওয়া হবে অপরিণামদর্শী ব্যাংক ঋণের মাধ্যমে। ফলে অর্থনৈতিক ভারসাম্যহীনতা, নৈরাজ্য ও অস্থিরতা অবশ্যম্ভাবী।” প্রস্তাবিত বাজেটকে ‘ঘাটতির বাজেট’ বলে বিরোধী দলীয় নেতার মন্তব্যের জবাবে মুহিত বলেন, তুলনামূলক সময়ের চেয়ে এই বাজেটে ঘাটতি কম। ঘাটতি কোথায় বেড়েছে? জ্বালানি, বিদ্যুৎ এবং রেন্টাল বিদ্যুৎ নিয়ে বিরোধী দলীয় নেতার বক্তব্য ‘গ্রহণযোগ্য নয়’ মন্তব্য করে অর্থমন্ত্রী বলেন, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত তাদের সময়ে দুর্নীতি ও অব্যবস্থার জন্য জাতিকে এখনো মাশুল দিতে হচ্ছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল নিয়ে খালেদা জিয়ার বক্তব্যকে ‘অজ্ঞতাপ্রসূত’ আখ্যায়িত করে মুহিত জোর দিয়ে বলেন, “আইএমএফের কাছ থেকে আমরা যে ঋণ নিয়েছি- তা চার্জ ফ্রি। কোনো বাড়তি শর্ত নেই। আমি ও প্রধানমন্ত্রী যে শর্ত দেখিয়েছি- এর বাইরে কোনো শর্ত দেখাতে পারলে আমি পদত্যাগ করে চলে যাবো।” এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অর্থমন্ত্রীকে জানান যে, বিএনপি তার শাসনামলে আইএমএফ থেকে অধিক সুদে এবং বহু শর্তে ঋণ নিয়েছিলো। তখন অর্থমন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রী জানালেন, তারা (বিএনপি) উচ্চ সুদে এবং বহু শর্তে ঋণ নিয়েছিলেন।” বিশ্ব ব্যাংকের সাতটি প্রকল্পে দুর্নীতি হয়েছে বলে বিরোধীদলীয় নেতার বক্তব্যের জবাবে মুহিত বলেন, “এই সাতটি প্রকল্প সম্পন্ন হয় তার (খালেদা জিয়া) সময়ে। এগুলোর বিষয়ে ওয়ার্ল্ড ব্যাংক তদন্ত শুরু করেছে। অর্থমন্ত্রী হিসাবে অ্যান্টি করাপসনের কাছে কেসগুলো তুলে দিয়েছি।” অর্থমন্ত্রী বিরোধীদলকে সংসদে এসে বাজেট বক্তৃতায় অংশ নেওয়ারও আহবান জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এইচএ/২১১০ ঘ.