২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বাজেটে রেল যোগাযোগে অগ্রাধিকার

রেল যোগাযোগের উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে আগামী অর্থ বছরের বাজেটে সড়ক ও রেলপথ খাতে উন্নয়ন ও অনুন্নয়ন মিলিয়ে ১০ হাজার ৩৯০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2012, 02:02 PM

Updated : 24 Aug 2022, 11:30 AM

ঢাকা, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রেল যোগাযোগের উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে আগামী অর্থ বছরের বাজেটে সড়ক ও রেলপথ খাতে উন্নয়ন ও অনুন্নয়ন মিলিয়ে ১০ হাজার ৩৯০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১২-১৩ অর্থবছরের এই বাজেট প্রস্তাব উপস্থাপন করেন। মন্ত্রী জানান, ২০০৮-০৯ অর্থবছরের বাজেটে রেলখাতে বাজেট ছিল ২ হাজার ১২৭ কোটি টাকা, যা ২০১১-১২ অর্থবছরে ৩ হাজার ৮৯১ কোটি টাকায় দাঁড়ায়। “অর্থাৎ গত তিন বছরে রেলের বাজেট প্রায় ৮৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে”, বলেন মন্ত্রী। তিনি বলেন, ২০ বছর মেয়াদী একটি রেলওয়ে মাস্টার প্ল্যানের আওতায় এক লাখ ৯২৯ কোটি টাকা ব্যয়ে ২৩১টি প্রকল্প গ্রহণের প্রস্তাব সরকার বিবেচনা করছে। রেল সেবার মান বৃদ্ধি করে একে আধুনিক পরিবহন মাধ্যমে পরিণত করার লক্ষে নতুন রেললাইন নির্মাণ ও পুনঃনির্মাণের প্রকল্পও হাতে নেওয়া হয়েছে বলে মন্ত্রী জানান। তিনি বলেন, রেলের বহরে ৩৭টি লোকোমটিভ ও ৪৬৫টি ওয়াগন সংগ্রহের প্রক্রিয়া চলছে। ঢাকার যানজট কমাতে বেগুনবাড়ি খালসহ হাতিরঝিল এলাকার সমন্বিত উন্নয়ন প্রকল্প আগামী অর্থবছরে শেষ করা হবে জানিয়ে মন্ত্রী বলেন, “আন্তরিক চেস্টা সত্ত্বেও অঙ্গীকার অনুযায়ী ঢাকার চারপাশে বৃত্তকার সড়ক ও রেলপথ নির্মাণে আশানুরূপ গ্রগতি হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/জেকে/২০০০ ঘ.