ঢাকা, ০৭ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যক্তি ও কর্পোরেট করের হার অপরিবর্তিত রেখে ন্যূনতম করের পরিমাণ বৃদ্ধির প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১২-১৩ অর্থবছরের বাজেট প্রস্তাবে ন্যূনতম করের পরিমাণ দুই হাজার টাকা থেকে বাড়িয়ে তিন হাজার টাকা করার সুপারিশ করেন তিনি।
সাধারণের ক্ষেত্রে করমুক্ত আয়সীমা না বাড়ালেও তিনি ৬৫ বছরের বেশি বয়সী নারীদের ক্ষেত্রে এই সীমা দুই লাখ টাকা এবং প্রতিবন্ধীদের করমুক্ত আয়ের সীমা দুই লাখ ৫০ হাজার টাকা করার প্রস্তাব করেছেন।
বাজেট বক্তৃতায় মুহিত বলেন, “২০১২-১৩ অর্থবছরে ব্যক্তি এবং কর্পোরেট করের হারের পরিবর্তন না করে চলতি অর্থবছরের ন্যায় কর হার বহাল রাখার প্রস্তাব করছি।”
একইসঙ্গে ব্যক্তি শ্রেণীর করমুক্ত আয় সীমা এক লাখ ৮০ হাজার টাকা বহাল রাখারও প্রস্তাব করেন মন্ত্রী।
তিনি বলেন, “প্রবৃদ্ধি ও মাথাপছিু আয় বাড়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ব্যক্তি শ্রেণীর কর দাতাদের ন্যূনতম কর দুই হাজার থেকে বাড়িয়ে তিন হাজার টাকা করার প্রস্তাব করছি।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/জেকে/১৯১৫ ঘ.
bdnews24