২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পদ্মা সেতুর অর্থায়নের কথা নেই

প্রথম পদ্মা সেতুর অর্থায়নের বিষয়টি স্পষ্ট না করলেও দ্বিতীয় পদ্মা সেতু পিপিপির ভিত্তিতে হব বলে বাজেট বক্তৃতায় বলেছেন অর্থমন্ত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2012, 12:13 PM

Updated : 24 Aug 2022, 11:30 AM

ঢাকা, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদ্মা সেতু নির্মাণ কাজ দ্রুত শুরুর কথা বললেও অর্থায়ন কীভাবে হবে, তা বলেননি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১২-১৩ অর্থবছরের বাজেট বক্তৃতায় তিনি বলেন, পদ্মা সেতুর নির্মাণ বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার। “সেতু নির্মাণের জন্য দাতা সংস্থা ও পিপিপির মাধ্যমে বিভিন্ন প্রস্তাব আমাদের কাছে আছে,” বলেছেন অর্থমন্ত্রী। দুর্নীতির অভিযোগ তুলে বিশ্ব ব্যাংক অর্থায়ন স্থগিতের পর পদ্মা সেতু নির্মাণে মালয়শিয়ার সঙ্গে সমঝোতা স্মারক সই করেছে সরকার। এর বাইরেও বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনার কথা শোনা যাচ্ছে। ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতুর প্রকল্প এবং নকশা ২০১০ সালের অক্টোবরের মধ্যে চূড়ান্ত করা হয় জানিয়ে মুহিত বলেন, প্রকল্পের জন্য ভূমি অধিগ্রহণ এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন কার্যক্রম এই অর্থবছরেই শেষ হবে। অর্থমন্ত্রী বলেন, পাটুরিয়া-গোয়ালন্দ অবস্থানে দ্বিতীয় পদ্মা সেতু পিপিপির ভিত্তিতে নির্মাণের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ২৯০ কোটি ডলারে মাওয়ায় পদ্মা সেতু প্রকল্পে বিশ্ব ব্যাংক ১২০ কোটি ডলার দেওয়ার জন্য চুক্তি করলেও দুর্নীতির অভিযোগ তুলে গত বছর তা স্থগিত করে দেয়। ফলে এ প্রকল্পের জন্য চুক্তিবদ্ধ অন্য দাতা সংস্থাগুলোর অর্থায়নও আটকে যায়। এই পরিস্থিতিতে পদ্মা সেতুর কাজ শুরুর জন্য গত ১০ এপ্রিল মালয়েশিয়ার সঙ্গে একটি সমঝোতা স্মারকে সই করে বাংলাদেশ। গত মে মাসের শেষ দিকে মালয়শিয়া এ বিষয়ে চুক্তির প্রস্তাব উপস্থাপন করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এমআই/১৮১৪ ঘ.