২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মার্চেন্ট ব্যাংকের করের হার কমছে

পুঁজিবাজারের স্বার্থে মার্চেন্ট ব্যাংকগুলোর করের হার ৫ শতাংশ কমানো হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2012, 11:46 AM

Updated : 24 Aug 2022, 11:30 AM

ঢাকা, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজারের স্বার্থে মার্চেন্ট ব্যাংকগুলোর করের হার ৫ শতাংশ কমানো হচ্ছে। এছাড়া লভ্যাংশ আয় ৫ হাজার টাকা পর্যন্ত করমুক্ত রাখার প্রস্তাবও বৃহস্পতিবার বাজেট বক্তৃতায় করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১২-১৩ অর্থবছরের বাজেট প্রস্তাব করেন অর্থমন্ত্রী। তিনি বলেন, “পূর্ববর্তী বছরে পুঁজিবাজার বিকাশে প্রদত্ত প্রণোদনা বর্তমান বছরেও অব্যাহত রেখে সংশ্লিষ্ট আরো কিছু প্রণোদনা প্রদানের প্রস্তাব করছি। এ লক্ষ্যে মার্চেন্ট ব্যাংকসমূহের আয়করের হার কমিয়ে ৪২ দশমিক ৫ শতাংশের পরিবর্তে ৩৭ দশমিব ৫ শতাংশ করার প্রস্তাব করছি।” “পাশাপাশি কোনো কোম্পানি তার পরিশোধিত মূলধনের ন্যূনতম ২০ শতাংশ শেয়ার প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজারে হস্তান্তর করলে সংশ্লিষ্ট বছরে প্রযোজ্য আয়করের ওপর ১০ শতাংশ হারে কর রেয়াতে পাবে।” বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, “দুঃখজনক হলেও সত্যি যে, গত প্রায় এক বছর ধরে বাজার মূলধন ও সূচকে ব্যাপক সংশোধন হয়। বিষয়টি আমরা যথেষ্ঠ গুরুত্বের সঙ্গে নিয়ে নানামুখী পদক্ষেপ গ্রহণ করি। এর ফলে বর্তমানে পুঁজিবাজারে স্থিতিশীলতা ফিরে আসার অবস্থা সৃষ্টি হয়েছে।” এর প্রতিক্রিয়ায় বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ এ হাফিজ বিডিনিউজ টোয়েন্টিফো ডটকমকে বলেন, “এটা প্রত্যাশিতই ছিল। আগে একটা ভুল বোঝাবুঝি ছিল। ভুল করে আমাদের আর্থিক প্রতিষ্ঠান বিবেচনা করে ৪২ দশমিক ৫ শতাংশ করের আওতায় আনা হয়েছিল। কিন্তু মার্চেন্ট ব্যাংকতো আর্থিক প্রতিষ্ঠানই নয়।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এফএফএস/এমআই/১৭৫০ ঘ.