২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা চলছে: সুরঞ্জিত

স্পিকার সম্পর্কে হাইকোর্টের বিচারপতির বক্তব্যকে ঘিরে সংসদে ও বাইরে চলমান উত্তাপের মধ্যে এ কথা বললেন সুরঞ্জিত সেনগুপপ্ত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2012, 11:23 AM

Updated : 24 Aug 2022, 11:30 AM

ঢাকা, জুন ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় সংসদের স্পিকারকে নিয়ে হাইকোর্টের এক বিচারপতির বক্তব্যকে ঘিরে সংসদে ও বাইরে চলমান আলোচনাকে যারা গণতন্ত্রের জন্য ‘অশনী সংকেত’ আখ্যা দিয়েছেন তারা ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছেন বলে মন্তব্য করেছেন দপ্তরবিহীনমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত। বৃহস্পতিবার সকালে রাজধানীর রিপোটার্স ইউনিটিতে এক আলোচনা সভায় সুরঞ্জিত বলেন, “বিষয়টিকে কোনোভাবেই অশনী সংকেত হিসেবে দেখার সুযোগ নেই। উচ্চ আদালতের অনেকগুলি বেঞ্চের মাত্র একটিতে এ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। সুতরাং এটি একটি বিচ্ছিন্ন ঘটনা।” “বিষয়টিকে অশনী সংকেত বলে অনেকে এ পরিস্থিতির সুযোগ নেওয়ার চেষ্টা করছে। প্রকৃতপক্ষে সংবিধানের এ দুটি অংশের মধ্যে বিতর্কের কোনো অবকাশ নেই। আমাদের সজাগ থাকতে হবে যেন বিতর্কের সুযোগ নিয়ে অন্য কেউ কোনো এজেন্ডা বাস্তবায়ন করতে না পারে।” সুপ্রিম কোর্ট জমি হস্তান্তরে হাইকোর্টের একটি আদেশ পুনর্বিবেচনার অনুরোধ জানিয়ে স্পিকার আবদুল হামিদের দেওয়া বক্তব্য রাষ্ট্রদ্রোহের শামিল ‘অপরাধ’ বলে মঙ্গলবার বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক মন্তব্য করলে তা নিয়ে রাতে সংসদে তুমুল সমালোচনা হয়। ক্ষমতাসীন মহাজোটের সংসদ সদস্যরা ওই বিচারকে অপসারণে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের দাবি জানানোর পাশাপাশি বিচারপতিদের অভিসংশনের ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে আনার কথাও বলেছেন। সংসদের বাইরেও দেশের বিভিন্ন স্থানে ওই বিচারপতির অপসারণ চেয়ে সভা-সমাবেশ হচ্ছে। এ পরিস্থিতিকে গণতন্ত্রের জন্য ‘অশনী সংকেত’ বলে বুধবার মন্তব্য করেন কয়েকজন প্রবীণ আইনজীবী। উচ্চ আদালতের বিচারপতি শামসুদ্দিন চৌধুরীর বক্তব্য নিয়ে সংসদের প্রতিক্রিয়া প্রসঙ্গে সুরঞ্জিত বলেন, “হাই কোর্টের একটি বেঞ্চে কিছু কথাবার্তা হয়েছে তা নিয়ে সংসদে প্রতিক্রিয়া হয়েছে। তাদেরও (আদালত) বুঝতে হবে যে, গণপ্রতিনিধিদের অবমূল্যায়ন করে গণতন্ত্রকে এগিয়ে নেওয়া যাবে না।” এ পরিস্থিতিতে আদালত ও সংসদ উভয় পক্ষকেই সজাগ থাকার আহবান জানান তিনি। ক্ষমতাসীন আওয়ামী লীগের জ্যেষ্ঠ এই নেতা বলেন, “সংসদ বরাবরই আদালতের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল। আমাদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় থাকবে এটা সবাই আশা করে। কোনো বিষয় নিয়ে জটিলতা সৃষ্টি হলে বিচার বিভাগ তা সমাধান করে দেবে এটা আমরাও চাই।” “সব কিছুর পরে আমরাও তো মানুষ, ভুল হতেই পারে। কোনো আচরণ অতিরঞ্জিত হলে আমরাও তো আরেকটি অবস্থানে যেতে পারি,” বলেন তিনি। বিচার বিভাগের প্রশংসা করে সুরঞ্জিত বলেন, “বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীনভাবে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। গত তিন বছরে বিচার বিভাগের ভূমিকা দেশের পাশাপাশি আন্তর্জাতিক পরিম-লেও নন্দিত ও প্রশংশিত হয়েছে।” ঐতিহাসিক ৭ জুন ছয় দফা দিবস উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট এ আলোচনা সভার আয়োজন করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/এএইচ/জেকে/১৭২০ ঘ.