ঢাকা, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরে মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত এক ট্রাইব্যুনাল থেকে অন্যটিতে মামলা স্থানান্তরের বিধান রেখে আন্তজার্তিক অপরাধ ট্রাইব্যুন্যাল (সংশোধন) অধ্যাদেশ সংসদে উপস্থাপন করা হয়েছে।
রোববার জাতীয় সংসদে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম সংশোধিত অধ্যাদেশটি সংসদে উত্থাপন করেন।
এর আগে সংসদ অধিবেশন না থাকায় গত ১১ এপ্রিল তা অধ্যাদেশ জারি করেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান। এরপর কয়েকটি মামলাও স্থানান্তর হয়।
১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইনের ১১তম ধারার পর ‘১১-এ’ নামে একটি উপধারা সন্নিবেশিত হবে উল্লেখ করা হয় অধ্যাদেশে।
সংশোধিত অধ্যাদেশের এ উপধারায় বলা হয়েছে, যথাযথ ও সুবিধাজনক বিবেচনায় যথার্থ ন্যায়বিচার প্রদান এবং মামলার দ্রুত নিষ্পত্তির স্বার্থে ট্রাইব্যুনাল নিজ উদ্যোগে বা প্রধান প্রসিকিউটরের আবেদনের পরিপ্রেক্ষিতে এক ট্রাইব্যুনাল থেকে অন্য ট্রাইব্যুনালে মামলা স্থানান্তর করতে পারবেন।
মামলা নিষ্পত্তির যে পর্যায়ে স্থানান্তর হবে, সে পর্যায় থেকেই নতুন ট্রাইব্যুনালে মামলার কার্যক্রম চলবে বলে উল্লেখ করা হয়েছে এতে।
একাত্তরে যুদ্ধাপরাধের বিচারে ২০১০ সালের মার্চে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠনের পর জামায়াতে ইসলামী ও বিএনপির আট নেতার বিরুদ্ধে মামলার কার্যক্রম শুরু হয়। এর দুই বছরের মাথায় গত ২৫ মার্চ কার্যক্রম শুরু করে দ্বিতীয় ট্রাইব্যুনাল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসইউএম/এমআই/২২৫০ ঘ.
bdnews24