ঢাকা, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী অর্থবছরের বাজেটে বিড়ি শিল্পকে আবারও সুবিধা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে তামাকবিরোধী তিনটি বেসরকারি সংস্থা।
শনিবার বিকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তামাকবিরোধী তিনটি বেসরকারি সংস্থা প্রজ্ঞা, তামাকবিরোধী মিডিয়া জোট ও 'আত্মা' এ অভিযোগ করে।
'আত্মা'র আহ্বায়ক রুহুল আমীন রুশদ বলেন, বিড়ি শিল্পকে করের ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। এ শিল্পকে উৎসাহিত করতে বিড়ির প্যকেটের আকার ছোট করা হয়েছে। বর্তমানে ২৫ শলাকার বিড়ির প্যাকেট পাওয়া যায়, তার সঙ্গে এখন থেকে ১২ শলাকা ও ৮ শলাকার বিড়ির প্যাকেটও পাওয়া যাবে।
"অর্থাৎ মাত্র ২ টাকায় এক প্যকেট বিড়ি কেনা যাবে। গরীব মানুষের কাছে বিড়িকে আরও সহজলভ্য করার এ উদ্যোগ উদ্বেগজনক।"
তিনি বলেন, তামাক পণ্যের ওপর কর আরোপ করতে গিয়ে, সরকার তামাকবিরোধীদের কথায় কান না দিয়ে তামাক ব্যবসায়ীদের কথা বেশি শুনছেন বলে মনে হচ্ছে। এটিও উদ্বেগজনক।
সিগারেটের ওপর সম্পূরক শুল্কের হার বাড়ানো হয়েছে বর্তমান হারের চেয়ে ২% থেকে ৩% কিন্তু বৃদ্ধি করা হয়েছে সিগারেটের মূল্যস্তর। এর ফলে সিগারেট কম্পানিগুলো লাভবান হবে বলে তিনি মন্তব্য করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইএম/পিডি/২৩৩৫ ঘ.
bdnews24