ঢাকা, জুন ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৭ শতাংশ এবং মূল্যস্ফীতি ৭ দশমিক ৫ শতাংশ ধরে আগামী অর্থবছরের জন্য ১ লাখ ৬৩ হাজার ৫৮৯ কোটি টাকার বাজেট প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, যাতে ৪৫ হাজার কোটি টাকার ঘাটতি থাকছে।
বিরোধী দলের অনুপস্থিতেই বৃহস্পতিবার সংসদে বাজেট প্রস্তাব উপস্থাপন করা হয়। বর্তমান মহাজোট সরকারের এটি তৃতীয় বাজেট।
২০১১ থেকে ২০১৫ মেয়াদের ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনার কথা জানিয়ে বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, "আমাদের প্রতিটি বাজেটই হবে পরিকল্পনা বাস্তবায়নের হাতিয়ার।"
সম্পদের সীমাবদ্ধতার কথা তুলে ধরে মুহিত বলেন, বিরাজমান সমস্যা নিরসনে বিপুল সম্পদের চাহিদার বিপরীতে বাজেট প্রণয়নে বিদ্যমান বাস্তবতা ও সময়ের দাবি মেটানোর চেষ্টা চালিয়েছেন তিনি।
"আমরা যদি সম্ভাব্য অভ্যন্তরীণ ও বাহ্যিক অভিঘাত মোকাবেলা করতে পারি, তবে আগামী অর্থবছরে প্রবৃদ্ধি ৭ শতাংশ এবং পরের অর্থবছরে তা ৮ শতাংশে উন্নীত হবে", বলেন তিনি।
চলতি অর্থবছরের বাজেটে প্রবৃদ্ধির হার ধরা হয়েছিলো ৬ দশমিক ৭ শতাংশ।
চলতি অর্থবছরে বাজেটের আকার ছিলো ১ লাখ ৩২ হাজার ১৭০ কোটি টাকা। এর মধ্যে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) বরাদ্দ ছিলো ৩৮ হাজার কোটি টাকা। বাস্তবায়ন সন্তোষজনক না হওয়ায় পরে তা কাটছাঁট করে ৩৫ হাজার ১৩০ কোটিতে নামায় নামিয়ে আনা হয়। আগামী অর্থবছরে এডিপিতে ৪৬ হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।
আগামী অর্থবছরের বাজেটের ১ লাখ ৬৩ হাজার ৫৮৯ কোটি টাকার মধ্যে ১ লাখ ১৮ হাজার ৩৮৫ টাকা রাজস্ব আয় থেকে আসবে বলে ধরেছেন অর্থমন্ত্রী। ফলে সামগ্রিক ঘাটতি থাকছে ৪৫ হাজার ২০৪ কোটি টাকা, যা জিডিপির ৫ শতাংশ।
ব্যয়ের মধ্যে খাতওয়ারি সবচেয়ে বেশি বরাদ্দ রাখা হয়েছে জনপ্রশাসন খাতে ১৪ দশমিক ৬ শতাংশ। শিক্ষা ও প্রযুক্তি খাতে ১২ দশমিক ৪ শতাংশ বরাদ্দ রাখার প্রস্তাব করা হয়েছে। ঋণের সুদ পরিশোধে যাবে ব্যয়ের ১১ শতাংশ। প্রতিরক্ষা খাতে ব্যয় ধরা হয়েছে ৭ দশমিক ৩ শতাংশ, কৃষি খাতে ৭ দশমিক ৭ শতাংশ, জ্বালানি ও বিদ্যুতে ৫ দশমিক ১ শতাংশ, পরিবহন ও যোগাযোগে ৬ দশমিক ৯ শতাংশ।
অর্থমন্ত্রী ব্যক্তিশ্রেণীর করদাতাদের করমুক্ত আয়ের সীমা ১ লাখ ৬৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৮০ হাজার টাকা করার প্রস্তাব করেছেন। তবে কোম্পানি শ্রেণীর করদাতাদের করহার অপরিবর্তিত রাখার প্রস্তাব করেছেন তিনি।
২ কোটি টাকার অধিক সম্পদের মালিকদের তাদের প্রদত্ত করের ১০ শতাংশ হারে সারচার্জের প্রস্তাব করা হয়েছে। প্রধানমন্ত্রী, মন্ত্রী, স্পিকার, সংসদ সদস্য ও উচ্চ আদালতের বিচারকদের করমুক্ত আয়ের সুবিধা তুলে দেওয়ার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী।
সঞ্চয়পত্রে সুদের হার পরিবর্তনের প্রস্তাবও করেছেন অর্থমন্ত্রী। উৎসে কর কাটার হার ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছেন। পুঁজিবাজারে বিনিয়োগকারীদের কর সনাক্তকরণ চিহ্ন লাগবে না বলে জানিয়েছেন মুহিত।
শুল্ক বাড়ানোর প্রস্তাব করায় যেসব পণ্যের দাম বাড়তে যাচ্ছে, তার মধ্যে রয়েছে- বিলাসবহুল চার দরজাবিশিষ্ট পিকআপ, প্রাথমিক ও মাধ্যমিকের আমদানি করা পাঠ্যপুস্তক, সিগারেট, বিড়ি, বাস ও ট্রাকের টায়ার, পানির ট্যাপ ইত্যাদি।
সম্পূরক শুল্ক বাড়ানো বা আরোপের প্রস্তাবের কারণে আমদানি করা যেসব পণ্যের দাম বাড়তে পারে, তার মধ্যে রয়েছে- সব ধরনের কাপড়, প্রসাধনী দ্রব্য, সুগন্ধী, জুতার পালিশ, টয়লেট পেপার, রান্নাঘরে ব্যবহৃত কাচের সামগ্রী, গৃহে ব্যবহৃত ফ্যান, ফ্যানের যন্ত্রাংশ, বিভিন্ন বৈদ্যুতিক সুইচ ও আসবাবপত্র।
শুল্ক ও সম্পূরক শুল্ক কমানোর প্রস্তাব করায় যেসব পণ্যের দাম কমতে পারে, তার মধ্যে রয়েছে- এলপি গ্যাস, ইটিপির জন্য আমদানিকৃত রাসায়নিক, ক্যান্সারের কেমাথেরাপি ওষুধ, বিদ্যুৎসাশ্রয়ী বাতি, সৌরচালিত বাতি, টিউবলাইট ইত্যাদি।
এ নিয়ে পঞ্চমবারের মতো সরকারের বাজেট প্রস্তাব পেশ করলেন মুহিত। এর আগে ১৯৮২-৮৩ ও ১৯৮৩-৮৪ অর্থবছরে দুটি বাজেট তিনি পেশ করেছিলেন।
বাজেট প্রস্তাব উপস্থাপনের আগে সংসদ ভবনেই মন্ত্রিসভার এক বৈঠকে তা অনুমোদন হয়।
সংসদে না গেলেও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া বুধবার বাজেট নিয়ে তার দলের ভাবনা সাংবাদিক, অর্থনীতিবিদ, সুশীল সমাজের প্রতিনিধিদের সামনে তুলে ধরেন।
চলতি অর্থবছরে সামষ্টিক অর্থনীতির প্রায় প্রতিটি সূচকে নেতিবাচক প্রভাব পড়েছে উলে
bdnews24