ঢাকা, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাজেটে গ্যাস, বিদ্যুৎ সঙ্কটের সমাধান এবং দ্রব্যমূল্য ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সহনীয় রাখতে সরকারের প্রতি পরামর্শ রেখেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার 'গণমুখী বাজেট প্রণয়নে জননেত্রী শেখ হাসিনা সরকারের করণীয়' শীর্ষক এক আলোচনায় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ পরামর্শ দেন।
সাবেক প্রতিমন্ত্রী কাদের বলেন, "দেশের মানুষের জন্য বিদ্যুৎ, জ্বালানি ও গ্যাস নিশ্চিত করা এবং দ্রব্যমূল্য ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সহনীয় পর্যায়ে রাখা এবারের বাজেটের অগ্রাধিকার হতে হবে।"
শাহবাগ কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সেমিনার কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইন্টারন্যাশনাল ডায়ালগ এইড ফাউন্ডেশন (ইডাফ) এই সভার আয়োজন করে।
গতানুগতিক নয়, জনকল্যাণমুখী ও উন্নয়নমুখী বাজেট প্রণয়ন করার আহ্বান জানিয়ে কাদের বলেন, "বড় আকারের বাজেট প্রণয়ন করে এটাকে উন্নয়মুখী ও কল্যাণমুখী হয়েছে বলে ঘোষণা করা কানা ছেলের নাম পদ্মলোচনের মতো।"
শিক্ষা ও কৃষি গবেষণায় বাজেটে বরাদ্দ বাড়ানোর তাগিদ দেন তিনি।
কাদের বলেন, "কৃষিক্ষেত্রে আমাদের সাফল্য অনেক হয়েছে এটা ঠিক। তবে এখনো বিদেশ থেকে আমদানি করতে হচ্ছে আমাদের। এ কারণে সীমিত কৃষি জমির সর্বোচ্চ ব্যবহারের জন্য গবেষণার প্রয়োজন রয়েছে।"
যুব সমাজের কর্মসংস্থানের জন্য পর্যাপ্ত বাজেট বরাদ্দের দাবি জানিয়ে কাদের বলেন, শেয়ারবাজারে দেশের যুবসমাজ সর্বস্বান্ত হয়েছে। তাদের কর্মসংস্থান দ্রুত করা দরকার।
জ্বালানি তেলের দাম বাড়ানোর ফলে সৃষ্ট সমস্যার জন্য সরকারী নীতিনির্ধারকদের দায়ী করেন ওবায়দুল কাদের।
তিনি বলেন, "দাম বাড়ানোর আগে সবার সঙ্গে আলোচনা করা দরকার ছিলো। সব পর্যায়ের স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা করলে বর্তমান নৈরাজ্যের সৃষ্টি হতো না।"
বিরোধী দলকে জনগণের স্বার্থে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করার আহবান জানান আওয়ামী লীগ নেতা কাদের।
ইডাফ সভাপতি মো. মোজাহারুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আকম মোজাম্মেল হক ও সাবেক সচিব সৈয়দ মার্গুব মোর্শেদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১৫১০ ঘ.
bdnews24