ঢাকা, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটের আকার আরো বড় হতে পারতো বলে মনে করেন কৃষি ব্যাংকের চেয়ারম্যন ও বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদ।
তিনি বলেছেন, প্রস্তাবিত বাজেটের বড় বৈশিষ্ট হলো নিখুঁত পুজিবাদের চেয়ে জনকল্যাণকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে।
শনিবার রাজধানীর শেরাটন হোটেলে সমুন্নয়/উন্নয়ন সমন্বয়ের 'এবারের বাজেট কেমন হলো' শীর্ষক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বৃহস্পতিবার জাতীয় সংসদে আগামী অর্থবছরের জন্য ১ কোটি ৩২ লাখ ১৭০ কোটি টাকার বাজেট প্রস্তাব করেছেন। এ অংক মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ১৬ দশমিক ৯ শতাংশ।
এ বাজেটকে উচ্চাভিলাষী বলে আখ্যায়িত করেছে প্রধান বিরোধীদল বিএনপি।
সমুন্নয়/উন্নয়ন সমন্বয়ের এ্যামিরেটস ফেলো ইব্রাহিম খালেদ বলেন, "এটাকে কোনোভাবেই বড় বাজেট বলা যায় না। তাত্ত্বিক দৃষ্টিভঙ্গি থেকে দেখলে বাজেটের আকার আরেকটু বাড়িয়ে জিডিপির ২০ শতাংশ পর্যন্ত করা যেতো।"
বাজেটের বৈশিষ্ট্য সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি বলেন, "প্রস্তাবিত বাজেটে নতুন কিছু নেই। তবে চলতি অর্থবছরের বাজেট থেকে একটা পরিবর্তন (শিফট) শুরু হয়েছে। এটা হলো পিওর ক্যাপিটালিস্ট অর্থনীতি থেকে জনকল্যাণমূলক অর্থনীতির দিকে যাত্রা শুরু হয়েছে। আগে শহরকেন্দ্রিক বরাদ্দ থাকতো বেশি। এখন গ্রামের দিকে নজর দেওয়া হচ্ছে।"
"কৃষিঋণ বিতরণ লক্ষ্যমাত্রা বাড়ানোসহ বেশ কয়েকটি উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে ধনী কৃষক সৃষ্টি না হলেও দরিদ্র কৃষকের সংখ্যা কমছে।"
এ ধরাবাহিকতা কয়েক বছর চলতে থাকলে কল্যাণ অর্থনৈতিক ভিত্তি তৈরি হবে বলেও মন্তব্য করেন তিনি।
প্রস্তাবিত বাজেটে উন্নয়ন ও অনুন্নয়ন মিলিয়ে কৃষি মন্ত্রণালয়ের জন্য ৬ হাজার ৭৪২ দশমিক ১২ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। কৃষিঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১২ হাজার কোটি টাকা। চলতি অর্থবছরে লক্ষ্যমাত্রা ছিল ১১ হাজার ৫১২ কোটি টাকা।
বাজেটে ৪ হাজার কোটি টাকা কৃষি ভর্তুকির প্রস্তাব করা হয়েছে। চলতি অর্থবছরে ভর্তুকি দেওয়া হয়েছে ৪ হাজার ৯৫০ কোটি টাকা।
প্রস্তাবিত বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৯২ হাজার ৮৪৭ কোটি টাকা। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড সূত্রের কর থেকে ৭২ হাজার ৫৯০ কোটি টাকা, রাজস্ব বোর্ড বহির্ভূত সূত্র থেকে ৩ হাজার ৪৫২ কোটি টাকা এবং কর বহির্ভূত খাত থেকে ১৬ হাজার ৮০৫ কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচীর (এডিপি) জন্য বরাদ্দ প্রস্তাব করা হয়েছে ৩৮ হাজার ৫০০ কোটি টাকার।
বার্ষিক উন্নয়ন কর্মসূচী বাস্তবায়নের ব্যাপারে খোন্দকার ইব্রাহিম খালেদ বলেন, "এডিপিতে খুব অল্প সংখ্যক প্রকল্প নতুন করে অন্তর্ভূক্ত করা হয়েছে। আগের প্রকল্প রয়ে গেছে বেশি। এরমধ্যে বিএনপি সরকারের আমলে রাজনৈতিক বিবেচনায় ঢোকানো উল্লেখযোগ্য সংখ্যক প্রকল্প রয়েছে। এসব দূর্বল প্রকল্প পরিচর্যা করে দ্রুত বাস্তবায়ন করতে হবে।"
রাষ্ট্রায়ত্ব প্রতিষ্ঠান বাপেক্সের উন্নয়নে বরাদ্দ বাড়ানোর সুপারিশ জানিয়ে তিনি বলেন, "বিদ্যুৎ উৎপাদন বাড়াতে হলে গ্যাস উৎপাদন বাড়ানোর কোনো বিকল্প নেই। এজন্য বাপেক্সেকে শক্তিশালী করতে অর্থ বরাদ্দ দরকার।"
এছাড়া দেশে মোটর গাড়ি সংযোজনের সুযোগ করে দেওয়ার লক্ষ্যে এর যন্ত্রাংশ আমদানি শুল্ক কমিয়ে আনারও সুপারিশ করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/কেএমএস/১৫৩০ ঘ.
bdnews24