২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সিপিডি'র সংশয়ের সমালোচনায় মুহিত

অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত নতুন অর্থবছরের প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জন সম্পর্কে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সংশয়ের কঠোর সমালোচনা করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2010, 04:09 PM

Updated : 25 Aug 2022, 12:00 PM

ঢাকা, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত নতুন অর্থবছরের প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জন সম্পর্কে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সংশয়ের কঠোর সমালোচনা করেছেন। শুক্রবার জাতীয় অর্থনৈতিক কাউন্সিলে বাজেটোত্তর এক সংবাদ সম্মেলনে ৬ দশমিক ৭ শতাংশ প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যমাত্রা নিয়ে সিপিডির সংশয়ের বিষয়টি উল্লেখ করা হলে অর্থমন্ত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, "যারা মনে করে আমাদের প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৮ বা ৯ শতাংশ হওয়া উচিত, তারা বোকার স্বর্গে বাস করে।" স্পষ্টত তিনি সিপিডির ওই সংশয় সম্পর্কে ভুল অনুমান করে এই ক্ষোভ প্রকাশ করেন। প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৮ বা ৯ শতাংশ হওয়া উচিত- এ কথা সিপিডি বলেনি। অবশ্য মুহিত স্বীকার করেন যে, ৬ দশমিক ৭ শতাংশ প্রবৃদ্ধি অর্জনও কঠিন হবে। মুহিত আসলে মনে করেছেন, নতুন অর্থবছরের প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৮ বা ৯ শতাংশ হওয়া উচিত বলে সিপিডি মত দিয়েছে। এর আগে সকালে বাজেটোত্তর এক সংবাদ সম্মেলনে সিপিডি বলেছে, ২০১০-১১ অর্থবছরে ৬ দশমিক ৭ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জন সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ হবে। প্রবৃদ্ধির এই লক্ষ্যমাত্রা ৬ থেকে সাড়ে ৬ শতাংশ হলে আরো বাস্তবসম্মত হতো বলে মনে করে প্রতিষ্ঠানটি। প্রস্তাবিত বাজেটে প্রতিরক্ষা খাতে ১৬ শতাংশেরও বেশি বরাদ্দ সম্পর্কে এক প্রশ্নের জবাবে মুহিত জানান, সামরিক সরঞ্জাম কেনার জন্য এই উচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে। এ সম্পর্কে তিনি আরো বলেন, "বছরের পর বছর এ সব সরঞ্জাম কেনা হচ্ছে না। তাই এখন কেনার বিষয়টি আমাদের ওপর বর্তেছে।" বাজেটে সিএনজি গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব সম্পর্কে অর্থমন্ত্রী বলেন, বর্তমানে প্রাকৃতিক গ্যাসের দাম অকটেনের দামের এক-চতুর্থাংশ। বৃহস্পতিবার বিকালে মুহিত জাতীয় সংসদে আগামী অর্থবছরের জন্য এক লাখ ৩২ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচএন/এইচএ/২১৫৫ ঘ.