ঢাকা, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নতুন অর্থবছরে ৬ দশমিক ৭ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জন সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ বলে মনে করে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।
শুক্রবার বাজেটোত্তর এক সংবাদ সম্মেলনে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠানটি বলেছে, প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৬ থেকে সাড়ে ৬ শতাংশ হওয়াই বেশি বাস্তবসম্মত।
আগেরদিন বিকালে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জাতীয় সংসদে আগামী অর্থবছরের (২০১০-১১) জন্য এক লাখ ৩২ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব করেন।
আগামী ১ জুলাই থেকে নতুন বাজেট বাস্তবায়ন শুরু হবে।
সিপিডির নির্বাহী পরিচালক মুস্তাফিজুর রহমান বলেন, "৬.৭ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জনে যে ধরনের বিনিয়োগ প্রয়োজন সেটা পাওয়া কঠিন হতে পারে।"
প্রতিষ্ঠানটির বাজেট পর্যালোচনায় বলা হয়েছে, শিল্প খাত, বিশেষ করে বিদ্যুৎ ও বৈদেশিক চাহিদা পরিস্থিতির অনিশ্চয়তার পরিপ্রেক্ষিতে প্রস্তাবিত বাজেটে উচ্চাভিলাষীভাবেই প্রবৃদ্ধির এই লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।
এতে আরো বলা হয়, আগামী অর্থবছরের জন্য মোট বিনিয়োগ ও বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) লক্ষ্যমাত্রা মোট দেশজ উৎপাদন (জিডিপি) এর যথাক্রমে ২৪.৬ ও ৪.১ শতাংশ। এতে বোঝা যাচ্ছে বেসরকারি খাতের বিনিয়োগ হারে গুরুত্বপুর্ণ উন্নতি হয়েছে।
মুস্তাফিজুর রহমান আরো বলেন, সেটা অনেক বেশি নির্ভর করে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব (পিপিপি) বাস্তবায়নের ওপর।"
সিপিডি এও মনে করেন, নতুন অর্থবছরে মূল্যস্ফীতির হার সাড়ে ৬ শতাংশ বজায় রাখা সরকারের জন্য একটি কঠিন কাজ হবে।
রাজস্ব আয়ের ব্যাপারে প্রতিষ্ঠানটির পর্যালোচনা হলো- জাতীয় রাজস্ব বোর্ড বহির্ভূত ও কর বহির্ভূত রাজস্ব আদায় আগামী অর্থবছরে কিছুটা প্রতিকূলতার সম্মুখীন হতে পারে।
এতে আরো বলা হয়, নতুন অর্থবছরের জন্য প্রস্তাবিত সাড়ে ৩৮ হাজার কোটি টাকার এডিপির ৯১০টি প্রকল্পের মধ্যে ২২২টি আগের অর্থবছরের, ২১৩টি আগামী অর্থবছরের মধ্যে শেষ করতে হবে, ৩৮১টি চলমান এবং বাকি ৯৪টি নতুন।
আগের ২২২টি প্রকল্প না থাকলে এডিপির আকার হতো ২৯ হাজার ৫৫১ কোটি টাকা।
স্বাস্থ্য, বিদ্যুৎ ও শিক্ষা খাতের প্রকল্পগুলোর মধ্যে বরাদ্দের যথাক্রমে ৭৩, ৩৬ ও ৩৩ শতাংশ নতুন এডিপিতেও টানতে হচ্ছে।
সিপিডির পর্যালোচনা অনুযায়ী, এডিপিতে ভৌত ও সামাজিক অবকাঠামো খাত পিছিয়ে পড়ছে।
এডিপি বাস্তবায়নের হার এবং সম্পদের ব্যবহার বাড়াতে বেসরকারি এই গবেষণা প্রতিষ্ঠানটি আগের অর্থবছরের প্রকল্পগুলোর মধ্যে বেশি যে খাতে এবং আগামী অর্থবছরে যেগুলো শেষ করা যাবে সেগুলোর ওপর জোর দেওয়ার পরামর্শ দিয়েছে।
সিপিডির নির্বাহী পরিচালক বলেন, এডিপি বাস্তবায়ন চাঙ্গা করতে গত বাজেটে ব্যাপক সংস্কার আনা হয়েছিল। এ পর্যন্ত কেবল পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্ট (পিপিএ) ও পাবলিক প্রকিউরমেন্ট রুলস (পিপিআর) এর সংশোধন হয়েছে।"
প্রস্তাবিত বাজেটের ঘাটতি মেটাতে ব্যাংক ঋণের ওপর নির্ভরতার পরিপ্রেক্ষিতে বেসরকারি খাতে ঋণ প্রবাহ বাধাগ্রস্ত হতে পারে বলেও প্রতিষ্ঠানটি সতর্ক করে দিয়েছে।
প্রস্তাবিত বাজেটে ঘাটতির পরিমান সংশোধিত চলতি বাজেট থেকে ৮১ শতাংশ বেড়েছে। নতুন অর্থবছরে ঘাটতি ধরা হয়েছে ৩৯ হাজার ৩২৩ কোটি টাকা, যা মোট দেশজ উৎপাদনের (জিডিপি) পাঁচ শতাংশ।
মূল্যস্ফীতি বাড়ায় নিু ও সীমিত আয়ের মানুষের আয় কমে যাওয়ার পরিপ্রেক্ষিতে আয়করের হার পুনর্বিবেচনা করা দরকার বলে মনে করে গবেষণা প্রতিষ্ঠানটি।
এছাড়া কোম্পানি শেয়ারের প্রিমিয়াম মূল্যের ওপর তিন শতাংশ হারে কর আরোপের সমালোচনা করেছে সিপিডি।
প্রতিষ্ঠানের কর্মকর্তা মুস্তাফিজুর রহমান বলেন, "প্রিমিয়াম মূল্য আয় নয়। এটা আসে মূলধন থেকে।"
প্রিমিয়ামের ওপর কর আরোপ করায় শেয়ার বাজারে নিবন্ধিত হওয়ার ক্ষেত্রে কোম্পানিগুলো নিরুৎসাহিত হবে বলে মনে করেন তিনি।
বাজেট কার্যকর করতে কর প্রশাসন সংস্কারের ওপর গুরুত্বারোপ করেছে প্রতিষ্ঠানটি। তবে সিপিডির বাজেট পর্যালোচনায় বলা হয়েছে, বাজেট বাস্তবায়নে 'সব ক্ষেত্রে' স্বচ্ছতা, জবাদিহিতা, দক্ষতা ও প্রণোদনা প্রয়োজন।
সিপিডি বলেছে, সরকার আগের বাজেটের কিছু বিষয়ে দেওয়া প্রতিশ্র"তি এড়িয়ে গেছে। এর মধ্যে জনপ্রশাসন বিকেন্দ্রিকরণ ও বেসরকারি খাতের ঋণ পুনঃতফশিলীকরণ সংস্কার অন্যতম।
মুস্তাফিজুর রহমান বলেন, "বাজেটে বেটার বিজনেস ফোরাম ও রেগুলেটরি রিফর্মস কমিশনের বিষয়ে কিছু উল্লেখ নেই।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচএন/এমএসবি/১৯১৪ ঘ.
bdnews24