ঢাকা, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল অব বাংলাদেশ (টিআইবি) বলেছে, প্রস্তাবিত বাজেটে কালো টাকা বৈধ করার সুযোগ রাখা হয়েছে যা উদ্বেগজনক।
সংস্থার নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান এক বিবৃতিতে এই উদ্বেগ প্রকাশ করে বলেন, ''এর ফলে বড় ধরণের দুর্নীতি প্রশ্রয় পাবে।''
একই সঙ্গে প্রস্তাবিত বাজেটকে 'উচ্চাভিলাষী' অভিহিত করেছে টিআইবি।
বিবৃতিতে বলা হয়েছে, বিদ্যুৎ, জ্বালানি, প্রতিরক্ষা ও নদী খননের মতো খাতে বড় ধরণের বিনিয়োগ ও ক্রয়ের যে প্রাক্কলন করা হয়েছে, তা বাস্তবায়নে সরকার যদি পরিপূর্ণ সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে না পারে, সেক্ষেত্রে লক্ষ্য অর্জন যেমন অসম্ভব হবে, তেমনি দুর্নীতি ও অনিয়মের ব্যাপক প্রসার ঘটবে।
টিআইবির বিবৃতিতে আরও বলা হয়, বাজেটে ভৌত অবকাঠামো অর্থায়ন তহবিলে জারি করা বন্ডে দশভাগ কর দিয়ে অর্থ বিনিয়োগের সুযোগের প্রস্তাব প্রকারান্তরে কালো টাকা সাদা করারই নামান্তর। এটা সরকারের নির্বাচনী অঙ্গীকারের পরিপন্থী। এর ফলে আর্থিক অনিয়মের প্রসার ঘটবে।
টিআইবি বলেছে, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের বাজেট বক্তৃতায় দুর্নীতি দমন কমিশন (দুদক) আইন সংশোধনের ব্যাপারে যেভাবে সমর্থন প্রতিফলিত হয়েছে তা উদ্বেগজনক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/কেএমএস/১৬২৮ ঘ.
bdnews24