ঢাকা, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশীয় শিল্প বিকাশের লক্ষ্যে বেশ কয়েকটি ক্ষেত্রে মূলধনী যন্ত্রপাতির আমদানি শুল্ক এবং অন্যান্য শিল্প প্রতিষ্ঠানের জন্য মূল্য সংযোজন করসহ (মূসক) অন্যান্য শুল্ক কমানোর কথা বলা হয়েছে প্রস্তাবিত বাজেটে।
ভারী শিল্প স্থাপন ও বিকাশের লক্ষ্যে রেফ্রিজারেটর, ফ্রিজার, মোটর সাইকেল, পূর্ণাঙ্গ এনার্জি সেভিংস বাল্ব ও এর কাঁচামাল উৎপাদনকারী প্রতিষ্ঠানকে পাঁচ বছরের জন্য মূসক অব্যাহতি দেওয়ার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
বর্তমানে ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠানের ক্ষেত্রে বার্ষিক ৪০ লাখ টাকা টার্নওভার সীমা পর্যন্ত ৪ শতাংশ হারে টার্নওভার কর প্রদানের সুবিধা রয়েছে। এ সীমা ৪০ লাখ টাকা পর্যন্ত করার প্রস্তাব করা হয়েছে।
চলতি বাজেটে রেয়াতি সুবিধাপ্রাপ্ত পণ্য শ্রেণী ছাড়া সর্বোচ্চ ২৫ শতাংশ শুল্কযুক্ত পণ্যের ওপর ৫ শতাংশ হারে আরোপ করা রেগুলেটরি ডিউটি আরো এক বছর বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।
বিদ্যুৎ সাশ্রয়ী চারটি পণ্যের এবং জ্বালানি সাশ্রয়ী তিনটি পণ্যের জন্য শুল্ক কমানোর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী।
এছাড়া ৮ ধরনের মূলধনী এবং ২ ধরণের টেক্সটাইল যন্ত্রপাতি আমদানির শুল্ক কমানোর প্রস্তাব করা হয়েছে বাজেটে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/কেএমএস/০০১৯ ঘ.
bdnews24