২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

প্রস্তাবিত বাজেট 'অতি উচ্চাভিলাষী': বিএনপি

আগামী অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটকে 'অতি উচ্চাভিলাষী' বলে আখ্যায়িত করেছে প্রধান বিরোধী দল বিএনপি। (বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2010, 05:25 PM

Updated : 25 Aug 2022, 11:56 AM

ঢাকা, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটকে 'অতি উচ্চাভিলাষী' বলে আখ্যায়িত করেছে প্রধান বিরোধী দল বিএনপি। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বাজেট সম্পর্কে তাৎক্ষণিক এ প্রতিক্রিয়া জানান। এর আগে জাতীয় সংসদে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ২০১০-১১ অর্থবছরের জন্য এক লাখ ৩২ হাজার ১৭০ কোটি টাকার বাজেট প্রস্তাব করেন। দেলোয়ার বলেন, "এ বাজেট সোনার হরিণের স্বপ্ন দেখানোর মতো। বাস্তবতার সঙ্গে এর কোনো মিল নেই।" তিনি দাবি করেন, গত বাজেটেও লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি সরকার। এবারও পারবেনা বলে মনে করেন এই বিএনপি নেতা। এ বাজেটকে 'কথামালার বাজেট' অভিহিত করে তিনি বলেন, এ বাজেটেও বরাদ্দের ক্ষেত্রে অস্পষ্টতার আবরণের কৌশল নিয়েছেন অর্থমন্ত্রী। বাজেটে প্রতিরক্ষা খাতের চেয়ে বিদ্যুৎ ও জ্বালানি খাতে কম বরাদ্দ দেওয়ার সমালোচনা করে দেলোয়ার বলেন, '' আমাদের নেত্রী অগ্রাধিকার ভিত্তিতে বিদ্যুৎ ও জ্বালানি খাতে বেশি বরাদ্দ রাখার প্রস্তাব করেছিলেন। কিন্তু সরকার তা করেনি। অথচ প্রতিরক্ষা খাতে এর চেয়ে বেশি বরাদ্দ রাখা হয়েছে। বাস্তব অবস্থা হচ্ছে- দেশের মানুষ আজ বিদ্যুৎ ও গ্যাস সংকট মধ্যে দিন কাটাচ্ছে। কিন্তু সেদিকে সরকারের কোনো খেয়াল নেই।" এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "বাজেটে ভালো ভালো কথা রয়েছে। কিন্তু এসব বাস্তবায়ন হবে না বলে আমরা মনে করি। কারণ, গত বাজেটেও তারা (সরকার) একই কথা বলেছিলো। কিন্তু বাস্তবায়নের সময় দেখা দেখা গেছে এর উল্টোটি।'' মহাজোট সরকারের আগের বাজেটে বরাদ্দ করা অর্থ জনকল্যাণে ব্যয়ের চেয়ে 'লুটতরাজ, টেন্ডারবাজির' মাধ্যমে দলীয় লোকজনের পকেটেই গেছে বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব। দেলোয়ার জানান, প্রস্তাবিত বাজেট আরো বিস্তারিত পর্যালোচনার পর পূর্ণাঙ্গ প্রতিক্রিয়া জানাবে তার দল। সংবাদ ব্রিফিংয়ে দলের স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, আবদুল মঈন খান, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, রিজভী আহমেদ, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন প্রমুখ উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেবি/এইচএ/২২১৭ ঘ.