২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বাজেট বাস্তবায়নে সতর্ক পদক্ষেপ নিন: এরশাদ

আগামী অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়েছে জাতীয় পার্টি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2010, 05:21 PM

Updated : 25 Aug 2022, 11:56 AM

ঢাকা, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়েছে জাতীয় পার্টি। তবে বাজেট বাস্তবায়নে 'সতর্ক পদক্ষেপ' নেওয়ার জন্য সুপারিশ করেছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোট সরকারের এ শরিক দল। বৃহস্পতিবার রাতে জাতীয় সংসদ গেটের সামনে বাজেট বিষয়ে তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ বলেন, চিনির উপর আমদানি শুল্ক আরোপের বিষয়টি সরকারে 'পুনর্বিবেচনা' করা উচিত। তিনি বলেন, বাজেটে বিভিন্ন খাতে বরাদ্দ দেওয়া জনগণের টাকার যেন অপচয় না হয় সে ব্যাপারে সরকারকে 'অতিরিক্ত' সতর্ক হতে হবে। এর আগে জাতীয় সংসদে আগামী ২০১০-১১ অর্থবছরের জন্য এক লাখ ৩২ হাজার ১৭০ কোটি টাকার জাতীয় বাজেট প্রস্তাব করে সংসদে বাজেট বক্তৃতা শেষ করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এরশাদ বলেন, "সরকার যেহেতু এ বছর লক্ষ্যমাত্রা অনুযায়ী রাজস্ব আদায়ে সফল হয়েছে, তাই আগামী অর্থ বছরেও রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণ করতে পারবে। তবে এ বিষয়ে সরকারকে সতর্ক হতে হবে।" তিনি বলেন, এটা একটা ভালো লক্ষণ যে, আদায় করা অতিরিক্ত রাজস্ব সরকার উন্নয়ন খাতে ব্যয় করবে। গত অর্থবছরে সরকার ৭৯ হাজার ৪৮১ কোটি টাকা রাজস্ব আদায় করে যা নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে বেশি। প্রস্তাবিত বাজেটে আগামী অর্থ বছরের জন্য রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৯২ হাজার ৮৪৭ কোটি টাকা। বিদ্যুৎ খাতে বরাদ্দ বাড়ানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে তিনি দেশের উত্তরাঞ্চল থেকে শিগগিরই কয়লা উত্তোলনের দাবি জানান। তিনি বলেন, "সরকারের একটি কয়লা নীতি তৈরি করা উচিত এবং উত্তরবঙ্গ থেকে কয়লা সংগ্রহ করা উচিত।" শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়াই মূল ইস্যু নয়, জানিয়ে তিনি বলেন, "শিক্ষার গুণগত মান অবশ্যই নিশ্চিত করতে হবে।" এরশাদ বলেন, "নিত্য প্রয়োজনীয় একটি ভোগ্য পণ্য চিনি। এর উপর শুল্ক আরোপের সিদ্ধান্তটি সরকারের পুনর্বিবেচনা করা উচিত।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/জেবি/কেএমএস/২৩১৫ ঘ.