২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মোবাইল ফোন ব্যবসায়ীরা হতাশ

প্রস্তাবিত বাজেটে মোবাইল ফোনের সিম কার্ডের কর প্রত্যাহার এবং ফোনসেটের ওপর শুল্ক না কমানোয় হতাশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2010, 04:46 PM

Updated : 25 Aug 2022, 11:56 AM

ঢাকা জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রস্তাবিত বাজেটে মোবাইল ফোনের সিম কার্ডের কর প্রত্যাহার এবং ফোনসেটের ওপর শুল্ক না কমানোয় হতাশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। মোবাইল ফোন অপারেটরদের সংগঠন অ্যামটব ও মোবাইল ফোন ইম্পোর্টার্স অ্যাসেসিয়েশনের নেতারা দাবি করেছেন, সিম কার্ডের ওপর কর তুলে না নেওয়ায় এবং হ্যান্ডসেটের শুল্ক না কমানোর কারণে মোবাইলফোনের গ্রাহক বৃদ্ধি গতি পাবে না। বৃহস্পতিবার বিকালে জাতীয় সংসদে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বাজেট প্রস্তাব করার পর তারা এই কথা বলেন। অ্যামটবের সভাপতি জাকিউল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বর্তমানে প্রতিটি সিম কার্ডে ৮০০ টাকা কর রয়েছে। সরকার এই কর তুলে নিলে এ খাতে ফোন অপারেটররা যে ভর্তুকি দিচ্ছি তা নেটওয়ার্ক বৃদ্ধি, আরো ভালো সেবা ও নতুন প্রযুক্তি খাতে লাগাতে পারতো। কর প্রত্যাহারের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, এই কর টেলিঘনত্বকে প্রভাবিত করবে। এখন যে টেলিঘনত্ব রয়েছে তা অপারেটরদের দেওয়া ভর্তুকির কারণেই হয়েছে বলে তিনি দাবি করেন। বর্তমানে বাজারে ছয়টি অপারেটর রয়েছে। তারা ভর্তুকি দিয়ে সংযোগ দিচ্ছে বলে দাবি করেন জাকিউল ইসলাম। তিনি বলেন, অপারেটররা ভর্তুকি দেওয়া বন্ধ করে দিলে গ্রাহক বৃদ্ধির গতি কমতে থাকবে। মোবাইল ফোনসেট ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফয়সাল আলিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হ্যান্ডসেটের ডিউটি ১২ শতাংশের পরিবর্তে ১০০ টাকা করার দাবি জানানো হয়েছিল সরকারের কাছে। এ দাবি পূরন না হওয়ায় অবৈধ পথে মোবাইল আসা বৃদ্ধি পাবে। হুন্ডির মাধ্যমে বিদেশে ঢাকা পাচার হবে। নেতিবাচক অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়বে বলে তিনি মনে করেন। সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে এ সিদ্ধান্ত বাধা হিসাবে কাজ করবে। সরকার বিপুল অঙ্কের রাজস্ব বঞ্চিত হবে বলেও দাবি করেন ফয়সল আলিম। আগামী অর্থবছরের (২০১০-১১) বাজেট প্রস্তাবের সময় অর্থমন্ত্রী মুহিত বলেন, দেশে টেলিঘনত্ব দ্রুত বাড়ছে। বর্তমানে টেরিঘনত্ব প্রতি একশ' জনে ৩৮ এবং ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা প্রতি একশ' জনে ছয়ে উন্নীত হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এমএসবি/২২৩৫ ঘ.