ঢাকা, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রস্তাবিত বাজেটকে গতানুগতিক ও বিত্তবানদের স্বার্থ রক্ষার দলিল হিসাবে অভিহিত করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।
দলটির মতে, প্রস্তাবিত বাজেট জনগণের স্বার্থ রক্ষায় ব্যর্থ হবে।
বৃহস্পতিবার বিকালে জাতীয় সংসদে বাজেট প্রস্তাব করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
ফ্যাক্সে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিপিবি'র সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম বাজেটের তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বাজেটের একচোখা দৃষ্টিভঙ্গির জন্য দেশের বিদ্যমান বৈষম্য আরো বাড়বে।"
একইসঙ্গে মুদ্রাস্ফীতি ও বেকারত্ব সাধারণ মানুষের জীবিকাকে আরো বিপন্ন করে তুলবে বলে তিনি মনে করেন।
সেলিম বলেন, "বাজেটে বিত্তবানদের স্বার্থের স্বপক্ষে সমন্বয়টা দৃষ্টিকটূভাবে বাড়তি মাত্রা পেয়েছে। সাধ ও সাধ্যের সমন্বয়ের কথা বলা হলেও লুটেরা ধনিকদের সাধ পূরণের অনেক ব্যবস্থা নেওয়া হয়েছে।
"গরীবদের ওপর তাদের সাধ্যের বাইরে নানান নামে কর আরোপ করা হলেও ধনীদের প্রত্যক্ষ করের ওপর তেমনভাবে হাত দেওয়া হয়নি।"
২০০৯-১০ অর্থ বছরের ব্যর্থতার অভিজ্ঞতা থেকে সরকার কোনো শিক্ষা নেয়নি বলেও মন্তব্য করেন সিপিবি সাধারণ সম্পাদক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমএসবি/২২০৫ ঘ.
bdnews24