২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যর্থতা সত্ত্বেও পিপিপি খাতে বরাদ্দ বাড়ানোর প্রস্তাব

সরকারি বেসরকারি অংশীদারিত্ব (পিপিপি) উদ্যোগে ব্যর্থতার পরও এবারের বাজেটে এই খাতে বরাদ্দ ২০ শতাংশ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2010, 03:47 PM

Updated : 25 Aug 2022, 11:57 AM

ঢাকা, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি বেসরকারি অংশীদারিত্ব (পিপিপি) উদ্যোগে ব্যর্থতার পরও এবারের বাজেটে এই খাতে বরাদ্দ ২০ শতাংশ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বৃহস্পতিবার সংসদে বাজেট বক্তৃতায় বলেন, "আমি আগামী অর্থবছরের জন্য এই খাতে তিন হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি।" চলতি অর্থবছরের বাজেটে সরকার পিপিপি খাতে আড়াই হাজার কোটি টাকা বরাদ্দ রেখেছিল। অর্থমন্ত্রী অবশ্য সংসদে স্বীকার করেন যে, তারা এই উদ্যোগে 'আশানুরূপ ফল' অর্জনে ব্যর্থ হয়েছেন। তিনি বলেন, "পিপিপি'র ব্যাপারে সমন্বিত নীতিমালার অভাবে এইখাতে দৃশ্যত তেমন কোনো বিনিয়োগ হয়নি।" মুহিত আরো বলেন, নতুন নীতি, কৌশল এবং প্রকল্প নির্বাচন ও অনুমোদনে কার্যপ্রণালী যুক্ত করে পিপিপির একগুচ্ছ নীতিমালা তৈরি করা হয়েছে, যা মন্ত্রিসভার অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এছাড়া একটি পিপিপি কার্যালয় স্থাপন এবং ওই অফিস চালানোর জন্য একদল বিশেষজ্ঞ নিয়োগের ব্যবস্থাও নেওয়া হয়েছে বলে তিনি জানান। নতুন পিপিপি নীতিমালার আওতায় 'বেসরকারি খাতের অধিকতর অংশগ্রহণের' মাধ্যমে প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নে গতিশীলতা আসবে বলে অর্থমন্ত্রী সংসদে জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচএন/ডিডি/এইচএ/২১৪৩ ঘ.