ঢাকা, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাজেটে ডাক ও টেলিযোগাযোগ অনুন্নয়ন ও উন্নয়ন খাতে মোট ৫৪৫ কোটি ৬৪ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।
এই খাতে চলতি অর্থবছরে তুলনায় প্রস্তাবিত বাজেটে বরাদ্দ কমেছে প্রায় ৮২ কোটি টাকা। চলতি অর্থবছরে মোট বরাদ্দ আছে ৬২৭ কোটি ৬২ লাখ ৫৩ হাজার টাকা।
অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০০১০-১১ অর্থবছরের বাজেট পেশ করার সময় বলেন, আগামী ৫ বছরের মধ্যে দেশের সব উপজেলাকে ইন্টারনেট সুবিধার আওতায় আনার কাজ অনেকখানি এগিয়েছে। দ্বিতীয় সাবমেরিন ক্যাবল সংযোগ স্থাপনের জন্য লাইসেন্সিং নীতিমালা ইতিমধ্যে প্রণয়ন করা হয়েছে।
তিনি বলেন, ৪ হাজার ৪০৯ টি ইউনিয়ন পরিষদ ভবনকে অপটিক্যাল ফাইবার সংযোগের আওতার মধ্যে আনা হবে। অল্প সময়ের মধ্যে সারাদেশে এক কোটি ল্যাল্ডফোন সংযোগ প্রদান ও দেশের ৮ হাজার গ্রামীন ডাকঘরকে পর্যায়ক্রমে কমিউনিটি ইনফরমেশন সেন্টারে রূপান্তরের প্রক্রিয়াও ইতিমধ্যে গ্রহন করা হয়েছে।
অর্থমন্ত্রী বলেন, দেশে টেলিডেনসিটি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে এ টেলিডেনসিটি ১০০ তে ৩৮ জনে উন্নীত হয়েছে এবং ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা প্রতি ১০০ তে ৬ জনে উন্নীত হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/কেএমএস/২০৩২ ঘ.
bdnews24