২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

দুদকের জন্য বরাদ্দ ২৬ কোটি টাকা

আগামী অর্থবছরের বাজেটে দুর্নীতি দমন কমিশনের (দুদক) জন্য ২৫ কোটি ৮৪ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2010, 02:25 PM

Updated : 25 Aug 2022, 11:57 AM

ঢাকা, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী অর্থবছরের বাজেটে দুর্নীতি দমন কমিশনের (দুদক) জন্য ২৫ কোটি ৮৪ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। এ বরাদ্দ চলতি অর্থবছরের তুলনায় ১ কোটি ২৪ লাখ টাকা বেশি। ২০০৯-১০ অর্থবছরে এই বরাদ্দের পরিমাণ ছিল ২৪ কোটি ৬০ লাখ টাকা। বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১০-১১ অর্থবছরের জন্য এক লাখ ৩২ হাজার ১৭০ কোটি টাকার বাজেট প্রস্তাব করেন অর্থমন্ত্রী। তিনি বলেন, "দুর্নীতি দূর না হলে সুশাসন নিশ্চিত হবে না। আমাদের ক্ষমতা গ্রহণের পর এ যাবত দেশের ক্ষুদ্রমাত্রার দুর্নীতি যে আমরা দূর করতে পেরেছি তা বলব না। তবে রাষ্ট্রীয় দুর্নীতির কোনো নজির কেউ দেখাতে পারবেন না বলে আমার বিশ্বাস।" মুহিত জানান, ইতোমধ্যে দুর্নীতি দমন আইনে কতিপয় সংশোধনী এনে মন্ত্রিসভায় একটি প্রস্তাব নীতিগতভাবে অনুমোদিত হয়েছে। আইন প্রয়োগের ফলে যাতে মৌলিক মানবাধিকার ক্ষুন্ন না হয় সে বিষয়ে সরকার সজাগ। সরকার চায়, দুর্নীতি দমন কমিশন স্বাধীন থাকবে। তবে তার জবাবদিহিতাও থাকবে। দুদকের জন্য বরাদ্দ ২৫ কোটি ৮৪ লাখ টাকার পুরোটাই অনুন্নয়ন ব্যয় ধরা হয়েছে। চলতি অর্থবছরে দুদকের জন্য বরাদ্দ ২৪ কোটি ৬০ লাখ টাকার মধ্যে অনুন্নয়ন ব্যয় ছিল ২৪ কোটি ১০ লাখ টাকা। আর উন্নয়ন ব্যয় ছিল ৫০ লাখ টাকা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এইচএ/২০২১ ঘ.