ঢাকা, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেটে প্রতিরক্ষা খাতে বরাদ্দ ধরা হয়েছে ১০ হাজার ৬৯৫ কোটি টাকা, যা মোট বাজেটের ৮ শতাংশেরও বেশি।
চলতি অর্থবছরের বাজেটে প্রতিরক্ষা খাতে বরাদ্দ ছিলো ৮ হাজার ৩৮২ কোটি টাকা।
প্রতিরক্ষা খাতে ২০১০-১১ অর্থবছরের প্রস্তাবিত বাজেট আগের বছরের তুলনায় এক হাজার ৫১২ কোটি টাকা বেশি।
চলতি অর্থবছরের তুলনায় এবার বরাদ্দ বেড়েছে ১৬ দশমিক ৪৬ শতাংশ।
বৃহস্পতিবার অর্থমন্ত্রী নতুন অর্থবছরের জন্য এক লাখ ৩২ হাজার ১৭০ কোটি টাকার বাজেট প্রস্তাব করেন। এ অঙ্ক জিডিপির ১৬.৯ শতাংশ।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত তার বাজেট বক্তৃতায় জাতিসংঘের বিভিন্ন শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সামরিক বাহিনীর ভূমিকার প্রশংসা করেন।
তিনি বলেন, "নিরাপত্তার জন্য কূটনৈতিক উদ্যোগ বাড়ানোর পাশাপাশি সামরিক বাহিনীর জন্য উন্নত প্রশিক্ষণ, আধুনিক সাজ-সরঞ্জাম ও অন্যান্য সুযোগ-সুবিধা বাড়ানোর প্রচেষ্টা অব্যাহত থাকবে।
অথমন্ত্রী বলেন, গত বাজেটে জাতীয় প্রতিরক্ষানীতি প্রণয়নের উদ্যোগ নেওয়ার কথা বলা হয়েছিলো। ইতোমধ্যেই এ নীতি প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
আগামী অর্থবছরে এ নীতি চূড়ান্ত করা হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এমএসবি/২০১৩ ঘ.
bdnews24