২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সবচেয়ে বেশি বরাদ্দ সামাজিক অবকাঠামো খাতে

আগামী ২০১০-১১ অর্থবছরের প্রস্তাবিত বাজেট বরাদ্দকে তিনটি খাতে ভাগ করে সবচেয়ে বেশি বরাদ্দ দেওয়া হয়েছে সামাজিক অবকাঠামো খাতে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2010, 12:51 PM

Updated : 25 Aug 2022, 11:58 AM

ঢাকা, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী ২০১০-১১ অর্থবছরের প্রস্তাবিত বাজেট বরাদ্দকে তিনটি খাতে ভাগ করে সবচেয়ে বেশি বরাদ্দ দেওয়া হয়েছে সামাজিক অবকাঠামো খাতে। এর পরই বরাদ্দ দেওয়া হয়েছে ভৌত অবকাঠামো ও সাধারণ সেবা খাতে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বৃহস্পতিবার আগামী অর্থবছরের জন্য এক লাখ ৩২ হাজার ১৭০ কোটি টাকার জাতীয় বাজেট প্রস্তাব করেছেন। এ অঙ্ক জিডিপির ১৬.৯ শতাংশ। বাজেটে সামাজিক অবকাঠামো খাতে বরাদ্দ দেওয়া হয়েছে মোট বাজেটের ৩৩ দশমিক ৩ শতাংশ। এর মধ্যে মানবসম্পদ উন্নয়ন খাতে বরাদ্দের পরিমাণ ৩১ হাজার ৫৬২ কোটি টাকা যা মোট বাজেটের ২৩ দশমিক ৯ শতাংশ। চলতি বাজেট থেকে এটা ১৭ দশমিক ৭ শতাংশ বেশি। মানবসম্পদ উন্নয়ন খাতের মধ্যে সবচেয়ে বেশি বরাদ্দ দেওয়া হয়েছে প্রাথমিক ও গণশিক্ষা খাতে ১৭ হাজার ৯৫৯ কোটি টাকা। এটা চলতি বছরের চেয়ে ১৩ শতাংশ বেশি। ভৌত অবকাঠামো খাতে বরাদ্দ দেওয়া হয়েছে মোট বাজেটের ৩০ দশমিক ৪ শতাংশ। এর মধ্যে কৃষি ও পল্লী উন্নয়ন খাতে বরাদ্দ দেওয়া হয়েছে ১৬ দশমিক ৯ শতাংশ, বৃহত্তর যোগাযোগ খাতে ৭ শতাংশ এবং বিদ্যুৎ ও জ্বালানি খাতে ৪ দশমিক ৬ শতাংশ। সাধারণ সেবা খাতে মোট বাজেটের ২১ দশমিক ১ শতাংশ বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে ৯ দশমিক ৬ শতাংশ বরাদ্দের প্রস্তাব রয়েছে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব (পিপিপি) খাতে এবং বিভিন্ন শিল্পে আর্থিক সহায়তা ও চলতি অর্থবছরে ঘোষিত পে কমিশনের সুপারিশ বাস্তবায়ন ব্যয়ে। এই তিনটি প্রধান খাতের বাইরেও সুদ পরিশোধ ও নিট ঋণদান বাবদ ব্যয় ধরা হয়েছে মোট বাজেটের ১৫ দশমিক ১ শতাংশ। এর মধ্যে সুদ পরিশোধের পরিমাণ ১১ দশমিক ১ শতাংশ। আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের দ্বিতীয় বাজেট এটি। প্রস্তাবিত বাজেটে আগামী অর্থবছরের জন্য প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৬ দশমিক ৭ ধরা হয়েছে। চলতি ২০০৯-১০ অর্থবছরের প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয় ৫ দশমিক ৫ শতাংশ। প্রস্তাবিত বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৯২ হাজার ৮৪৭ কোটি টাকা যা জিডিপির ১১.৯ শতাংশ। বাজেটে ঘাটতি দাঁড়িয়েছে ৩৯ হাজার ৩২৩ কোটি টাকা যা জিডিপির ৫ শতাংশ। চলতি অর্থবছরে এক লাখ ১৩ হাজার ৮১৯ কোটি টাকার বাজেট প্রস্তাব করা হয়েছিলো। পরবর্তীতে সংশোধিত বাজেটের আকার দাঁড়ায় এক লাখ ১০ হাজার কোটি টাকা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এজে/কেএমএস/১৮৪৮ ঘ.