২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পদ্মা সেতুর নির্মাণ অগ্রাধিকার ভিত্তিতে হবে: মুহিত

সরকার পদ্মা সেতুর নির্মাণ অগ্রাধিকার ভিত্তিতে সম্পন্ন করবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2010, 11:52 AM

Updated : 25 Aug 2022, 11:59 AM

ঢাকা, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার পদ্মা সেতুর নির্মাণ অগ্রাধিকার ভিত্তিতে সম্পন্ন করবে। সংসদে বৃহস্পতিবার ২০১০-১১ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থানকালে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেন, "ইতোমধ্যে এই সেতুর স্কিম ডিজাইন চূড়ান্ত করা হয়েছে। ডিজাইন প্রণয়নের ক্ষেত্রে জলবায়ু পরিবর্তনের বিষয়টি বিবেচনায় নেওয়া হয়েছে।" অর্থমন্ত্রী জানান, কর্মপরিকল্পনা অনুযায়ী ২০১০ সালের মধ্যে পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু হয়ে ২০১৩ সালে তা সম্পন্ন হবে। এই প্রথম কোনো বৃহৎ প্রকল্প এত অল্প সময়ের মধ্যে বাস্তবায়িত হতে যাচ্ছে। এই সেতু নির্মাণের ব্যয় মেটানোর জন্য ২ দশমিক ৪ বিলিয়ন ডলার সহজ শর্তে ঋণ প্রাপ্তির নিশ্চয়তা পাওয়া গেছে বলে তিনি জানান। মুহিত আরো বলেন, দেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বৃহত্তর জনগোষ্ঠীর আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নের বিষয়টি বিবেচনা করে পাটুরিয়া-গোয়ালন্দ এলাকায় প্রায় ৬ কিলোমিটার দীর্ঘ দ্বিতীয় পদ্মা বহুমুখী সেতু নির্মাণের পদক্ষেপ নিয়েছে সরকার। এছাড়া বরিশাল ও খুলনা বিভাগের মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপন করে অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়ানোর লক্ষ্যে পিরোজপুর ঝালকাঠি সড়কে কচা নদীর উপর বেকুটিয়া সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ডিডি/এইচএ/১৭৪৮ ঘ.