ঢাকা, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশে প্রথমবারের মতো ডিজিটাল পদ্ধতিতে বাজেট উপস্থাপন করা হবে।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আগামী ১০ জুন বিকাল ৪টায় জাতীয় সংসদে ২০১০-১১ অথর্বছরের বাজেট উপস্থাপন করবেন।
সোমবার সরকারের এক তথ্য বিবরণীতে বলা হয়, এবারই প্রথম ডিজিটাল পদ্ধতিতে অর্থাৎ পাওয়ার পয়েন্টের মাধ্যমে বাজেট উপস্থাপন করা হবে।
তথ্য বিবরণীতে আরও বলা হয়, বাজেট উপস্থাপনের দিন সম্পূরক আর্থিক বিবৃতি, মঞ্জুরী ও বরাদ্দের দাবীসমূহ (উন্নয়ন ও অনুন্নয়ন), মধ্য মেয়াদি বাজেট কাঠামো, সংযুক্ত তহবিল-প্রাপ্তি, বাজেটের সংক্ষিপ্তসার, বাজেট বক্তৃতা, মঞ্জুরী ও বরাদ্দের দাবীসমূহ (উন্নয়ন), বার্ষিক আর্থিক বিবৃতি, অর্থনৈতিক সমীক্ষা-২০১০, জেলা বাজেট ও একীভূত বাজেটের একটি ধারণাপত্র, বিদ্যুৎ ও জ্বালানী খাত, উন্নয়নের পথ নকশা এবং নারী উন্নয়ন ও অধিকার প্রতিষ্ঠায় দশটি মন্ত্রণালয়ের কার্যক্রম ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
বাজেটকে আরো অংশগ্রহণমূলক করার লক্ষ্যে অর্থ বিভাগের ওয়েবসাইট www.mof.gov.bd থেকে বাজেটের সকল তথ্য ও গুরুত্বপূর্ণ দলিল যে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান পাঠ ও ডাউনলোড করতে পারবেন।
পাশাপাশি দেশ বা বিদেশ থেকে এই ওয়েবসাইটের মাধ্যমে ফিডব্যাক ফরম পূরণ করে বাজেট সম্পর্কে মতামত ও সুপারিশ পাঠানো যাবে।
প্রাপ্ত সকল মতামত ও সুপারিশ বিবেচনা করা হবে। জাতীয় সংসদে বাজেট অনুমোদনের পর তা কার্যকর করা হবে।
বাজেট সংক্রান্ত বিস্তারিত তথ্য জানা যাবে www.bangladesh.gov.bd, www.nbr-bd.org, www.plancomm.gov.bd, www.imed.gov.bd, www.bdpressinform.org, www.pmo.gov.bd এবং অনলাইন সংবাদপত্র www.bdnews24.com এ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/কেএমএস/২১০৫ ঘ.
bdnews24