২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিডিআর বিদ্রোহ: রাষ্ট্রপতির রেফারেন্সের শুনানি ২৫ আগস্ট

বিডিআর হত্যাকাণ্ড ও বিদ্রোহের বিচার সেনা আইনে করা যাবে কিনা তার মতামত চেয়ে প্রধান বিচারপতির কাছে রাষ্ট্রপতির পাঠানো রেফারেন্সের ওপর শুনানি অনুষ্ঠিত হবে আগামী ২৫ আগস্ট। বুধবার সকাল পৌনে ১০টায় প্রধান বিচারপতি এম এম রুহুল আমিনের নেতৃত্বে আপিল বিভাগের ১১ বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ রেফারেন্সটির শুনানির তারিখ ধার্য করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2009, 04:30 AM

Updated : 26 Aug 2022, 11:55 AM

ঢাকা, আগস্ট ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিডিআর হত্যাকাণ্ড ও বিদ্রোহের বিচার সেনা আইনে করা যাবে কিনা তার মতামত চেয়ে প্রধান বিচারপতির কাছে রাষ্ট্রপতির পাঠানো রেফারেন্সের ওপর শুনানি অনুষ্ঠিত হবে আগামী ২৫ আগস্ট। বুধবার সকাল পৌনে ১০টায় প্রধান বিচারপতি এম এম রুহুল আমিনের নেতৃত্বে আপিল বিভাগের ১১ বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ রেফারেন্সটির শুনানির তারিখ ধার্য করেন। তারিখ ধার্যের পর এটর্নি জেনারেল মাহবুবে আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আগামী ২৫ আগস্ট আদালত রেফোরেন্সটির ওপর শুনানির দিন ধার্য করেছে। শুনানিতে অংশ নেওয়ার জন্য আজ (বুধবার) দুপুর ১২টার মধ্যেই এমিকাস কিউরি (আদালতের সহায়তাকারী) নিয়োগ করবে আদালত।" তিনি আরও বলেন, "আদালতের শরৎকালীন ছুটির মধ্যে রেফারেন্সটির শুনানির জন্য আমি আবেদন করেছিলাম। আদালত বিষয়টির ওপর গুরুত্বারোপ করে এ ছুটির আগেই শুনানির তারিখ ধার্য করেছে।" আগামী ১ সেপ্টেম্বর থেকে মাসব্যাপী শরৎকালীন ছুটি শুরু হচ্ছে। এর আগে তারিখ নির্ধারণের শুনানিতে মাহবুবে আলম বলেন, "রেফারেন্স শুনানির জন্য এমমিকাস কিউরি নিয়োগ করা হয়। তাদেরকে শুনানির প্রস্তুতির জন্য সাধারণত ১০দিন সময় দেওয়া হয়। তবে এ বিষয়টি জরুরি। তাই এর ওপর তাড়াতাড়ি শুনানি হওয়া উচিত। সুপ্রিমকোর্টের শরৎকালীন ছুটির প্রথমভাগেই রেফারেন্সটির ওপর শুনানি হতে পারে।" এ সময় আদালত বলে, "আমরা আমাদের (বিচারপতিদের) সমস্যার বিষয়ে ছাড় দিতে পারি। কিন্তু যাদেরকে এমিকাস কিউরি নিয়োগ দেওয়া হবে তাদেরকে অবকাশে নাও পাওয়া যেতে পারে। এছাড়া আমাদের মধ্যে কেউ কেউ ছুটিতে যেতে পারেন। তারপরও আমরা প্রস্তুত রয়েছি।" এটর্নি জেনারেল বলেন, "কোনো এমিকাস কিউরি আদালতে উপস্থিত না থাকলেও তাদেরকে লিখিত বক্তব্য দেওয়ার জন্য আমি অনুরোধ করতে পারি। তাদের লিখিত বক্তব্য আমি আদালতে দাখিল করতে পারি।" এসময় আদালত এমিকাস কিউরিদের সুবিধা সাপেক্ষে রেফারেন্সটির শুনানির জন্য আগামী ২৫ আগস্ট দিন দার্য করে। মাহবুবে আলম এমিকাস কিউরিদের নাম ঘোষণার বিষয়টির ওপর আদালতের দৃষ্টি আকর্ষণ করলে আদালত বলে, "এমিকাস কিউরিদের নাম নির্ধারণ করা হবে আজই (বুধবার)। সুপ্রিমকোর্টের রেজিস্টারের মাধ্যমে তাদেরকে নিয়োগের বিষয়টি জানিয়ে দেওয়া হবে।" রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান সোমবার রেফারেন্সটি সুপ্রিম কোর্টে পাঠান। রেফারেন্সে জানতে চাওয়া হয়েছে, বিডিআর বিদ্রোহের ঘটনায় জড়িতদের বিচার সেনা আইনে করা যাবে কিনা। যদি না যায় সেক্ষেত্রে সেনা আইনের ৫ ধারা অনুযায়ী প্রজ্ঞাপন জারি করে তাদের বিরুদ্ধে ওই আইন প্রয়োগ করা যাবে কিনা। গত ২৭ জুলাই বিডিআর বিদ্রোহের ঘটনার বিচার নিয়ে এক আন্তঃমন্ত্রণালয় বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল কোন আইনে এর বিচার হবে সে বিষয়ে রাষ্ট্রপতি সুপ্রীম কোর্টের মতামত চাইবেন। কোন আইনে এ ঘটনার বিচার হবে তা নিয়ে কিছুটা বিভ্রান্তি সৃষ্টি হওয়ায় সুপ্রিম কোর্টে রেফারেন্স পাঠানোর উদ্যোগ নেওয়া হয়। এ বছরের ফেব্র"য়ারির শেষ সপ্তাহে পিলখানায় বিডিআর সদর দপ্তরে অর্ধশতাধিক সেনা কর্মকর্তাকে হত্যা করে বিদ্রোহী জওয়ানরা। ঘটনার পর রাজধানীর নিউ মার্কেট থানায় মামলা দায়ের করা হয়। এরপর থেকে এ পর্যন্ত হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে দুই হাজারেরও বেশি বিডিআর সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এফএফ/১০৪৫ ঘ.