ঢাকা, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম))- প্রধান বিরোধী দল বিএনপির অনুপস্থিতিতে জাতীয় সংসদে মঙ্গলবার ২০০৯-১০ অর্থবছরের জাতীয় বাজেট পাস হয়েছে।
এর ফলে সরকার ২০০৯ সালের সালের ১ জুলাই থেকে ২০১০ সালের ৩০ জুন পর্যন্ত সময়ের যাবতীয় কার্যনির্বাহ করতে সংযুক্ত তহবিল থেকে ১ লাখ ৮৯ হাজার ৯৫৯ কোটি ৯৬ লাখ ৬৯ হাজার টাকা ব্যয় বরাদ্দের অনুমোদন পেয়েছে।
এর মধ্যে ২০০৯-১০ অর্থবছরের জন্যে মূল বাজেট হচ্ছে ১ লাখ ১৩ হাজার ৮১৯ কোটি টাকা।
১ জুলাই (বুধবার) থেকে শুরু হবে নতুন অর্থবছর। আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের প্রথম বাজেট এটি।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ব্যয় বরাদ্দ সম্বলিত এই 'নির্দিষ্টকরণ আইন ২০০৯' সংসদে উত্থাপন করেন। এর বিভিন্ন দাবির ওপর ছাঁটাই প্রস্তাব নিয়ে আলোচনা শেষে জাতীয় সংসদে তা কণ্ঠভোটে পাস হয়। প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনাও এ সময় সংসদে ছিলেন।
২০০৯-১০ অর্থবছরের বাজেটে ব্যয়ের দিক থেকে সবচেয়ে বেশি বরাদ্দ দেওয়া হয়েছে অর্থ বিভাগকে। এর পরিমাণ ৯৫ হাজার ৪৯১ কোটি ৮১ লাখ ৮২ হাজার টাকা। আর সবচেয়ে কম বরাদ্দ দেওয়া হয়েছে রাষ্ট্রপতির কার্যালয়কে; এর পরিমাণ ৬ কোটি ৯০ লাখ ৪৪ হাজার টাকা।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের জন্য মোট ২৪৮ কোটি ৬৮ লাখ ৪৪ হাজার টাকা, নির্বাচন কমিশন সচিবালয়কে ৫৯৬ কোটি ২৩ লাখ ৩৮ হাজার টাকা, প্রতিরক্ষা মন্ত্রণালয়কে ৮ হাজার ৩৮২ কোটি ১৬ লাখ ১১ হাজার টাকা, শিক্ষা মন্ত্রণালয়কে ৭ হাজার ৪১৫ কোটি ৬৯ লাখ ৩৮ হাজার টাকা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ৫ হাজার ৮৭৯ কোটি ৮৯ লাখ ৩৮ হাজার টাকা, স্থানীয় সরকার বিভাগকে ৭ হাজার ৯৩৪ কোটি ২ লাখ ৮২ হাজার টাকা, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগকে ৭৩২ কোটি ১১ লাখ ৪৮ হাজার টাকা বরাদ্দ অনুমোদন দেওয়া হয়েছে।
এছাড়া স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জন্য ৭ হাজার কোটি ৩৫ লাখ ৯৭ হাজার টাকা, খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের জন্য ১২ হাজার ৯৪৮ কোটি ৪৫ লাখ ৯১ হাজার টাকা, কৃষি মন্ত্রণালয়ের জন্য ৫ হাজার ৯৭১ কোটি ৫১ লাখ ৫৫ হাজার টাকা, পানি সম্পদ মন্ত্রণালয়ের জন্য ১ হাজার ৪৮৩ কোটি ৫২ লাখ ৭২ হাজার টাকা, বিদ্যুৎ বিভাগের জন্য ৩ হাজার ৫৭৮ কোটি ৮৮ লাখ ৭৫ হাজার টাকা, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের জন্য এক হাজার ৩৪৫ কোটি ২৭ লাখ টাকা, জাতীয় সংসদের জন্য ৬৬ কোটি ১৩ লাখ ৭৩ হাজার টাকা, মন্ত্রিপরিষদ বিভাগের জন্য ২২ কোটি ৯৭ লাখ ৬২ হাজার টাকা, সরকারি কর্মকমিশনের জন্য ২১ কোটি ৭১ লাখ ৩০ হাজার টাকা, দুর্নীতি দমন কমিশনের জন্য ২৩ কোটি ৯১ লাখ হাজার ১৪ হাজার টাকা, কর ন্যায়পাল কার্যালয়ের জন্য ৯৭ লাখ ৭১ হাজার টাকা বরাদ্দ অনুমোদন দেওয়া হয়েছে।
সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর ৪৯টি দাবি ও পাঁচ শতাধিক ছাঁটাই প্রস্তাব উত্থাপন করা হয়।
সংসদে বাজেট অধিবেশন শুরু হয় ৪ জুন। ১১ জুন অর্থমন্ত্রী ১ লাখ ১৩ হাজার ৮১৯ কোটি টাকার বাজেট পেশ করেন।
বাজেট অধিবেশনের শুরু থেকে এ পর্যন্ত বিএনপি'র সংসদ সদস্যরা অনুপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এমআই/১৬১৬ ঘ.
bdnews24