ঢকা, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অপ্রদর্শিত আয় বৈধ করার সুযোগ তিন বছরের স্থলে এক বছর করে ২০০৯-১০ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটে সংশোধনী আনার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
দৃশ্যত সংসদের ভেতরে ও বাইরে ব্যাপক সমালোচনার পরিপ্রেক্ষিতে বাজেটে কালো টাকা সাদা করার প্রস্তাবে বড় ধরনের এই সংশোধনী আনা হলো।
সোমবার রাতে জাতীয় সংসদে সমাপনী বাজেট বক্তৃতায় আয়কর খাতের এ সংশোধনীসহ মূল্য সংযোজন কর (ভ্যাট) ও আমদানি শুল্ক খাতে আরও কিছু সংশোধনীর প্রস্তাব করেন অথর্মন্ত্রী।
গত ১১ জুন জাতীয় সংসদে ২০০৯-১০ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উত্থাপন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। ওই বাজেট প্রস্তাবে অর্থমন্ত্রী দেশে বিনিয়োগ বাড়াতে কোনো প্রশ্ন ছাড়া টানা তিন বছর ১০ শতাংশ কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়ার প্রস্তাব করেন। এ প্রস্তাবটি নিয়ে ব্যবসায়ী ও সুশীল সমাজের মধ্যে ব্যাপক নেতিবাচক প্রতিক্রিয়া হয়।
কালো টাকা সাদা করার সংশোধনী প্রস্তাব প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, "প্রস্তাবিত বাজেটে ২০০৯ সালের জুলাই থেকে ২০১২ সালের জুন পর্যন্ত ১০ শতাংশ কর দিয়ে অপ্রদর্শিত আয় (কালো টাকা) বৈধ করার সুযোগ দেওয়া হয়েছিল। সংশোধনী প্রস্তাবে ২০০৯ সালের জুলাই থেকে ২০১০ সালের জুন পর্যন্ত কতিপয় নতুন শিল্প, অবকাঠামো ও পুঁজিবাজারে ১০ শতাংশ কর দিয়ে অপ্রদর্শিত আয় বিনিয়োগ করার প্রস্তাব করছি।"
পাশাপাশি অপ্রদর্শিত আয় পুঁজিবাজারে বিনিয়োগ করার পর তা দুই বছর পর্যন্ত উত্তোলনের ওপর নিষেধাজ্ঞা আরোপেরও প্রস্তাব করেন তিনি।
অর্থমন্ত্রী বলেন, "এছাড়া নতুন শিল্প স্থাপন ও অবকাঠামো খাতে বিনিয়োগের ক্ষেত্রে যে অপ্রদর্শিত আয় বিনিয়োগ করা হবে তা দিয়ে কর্মসংস্থানের নতুন ক্ষেত্র তৈরি হবে কিনা তা আগেই পরিষ্কার করে জানাতে হবে। পরে যদি দেখা যায়, প্রতিশ্র"তি অনুযায়ী কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়নি তাহলে সেই সুবিধা বাতিল করা হবে।"
আবাসন খাতে কালো টাকা সাদা করার ক্ষেত্রে একই ধরনের সুযোগ (এক বছর ১০ শতাংশ কর দিয়ে) দেওয়া হয়েছে। তবে কেউ এ খাতে একবারের বেশি কালো টাকা বিনিয়োগ করতে পারবেন না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এএল/এসকে/২২৪৪ঘ.
bdnews24