২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গাড়ি, নিউজপ্রিন্ট ও মোবাইল সেটের আমদানি শুল্ক কমানোর প্রস্তাব

২০০৯-১০ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটের সংশোধনীতে অপেক্ষাকৃত ছোট গাড়ি, মোটরসাইকেল, নিউজপ্রিন্ট ও মোবাইল ফোন সেটের আমদানি শুল্ক কমানোর প্রস্তাব করা হয়েছে। তবে বড় ও বিলাসবহুল গাড়ির ওপর শুল্ক আগের তুলনায় কয়েকগুণ বাড়ানো হয়েছে। সোমবার জাতীয় সংসদে সমাপনী বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আমদানি শুল্ক খাতে এসব সংশোধনীর প্রস্তাব করেন। (আরও তথ্যসহ ৩)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2009, 04:02 PM

Updated : 26 Aug 2022, 11:40 AM

ঢকা, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২০০৯-১০ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটের সংশোধনীতে অপেক্ষাকৃত ছোট গাড়ি, মোটরসাইকেল, নিউজপ্রিন্ট ও মোবাইল ফোন সেটের আমদানি শুল্ক কমানোর প্রস্তাব করা হয়েছে। তবে বড় ও বিলাসবহুল গাড়ির ওপর শুল্ক আগের তুলনায় কয়েকগুণ বাড়ানো হয়েছে। সোমবার জাতীয় সংসদে সমাপনী বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আমদানি শুল্ক খাতে এসব সংশোধনীর প্রস্তাব করেন। মধ্যবিত্তের বিষয়টি বিবেচনায় রেখে গাড়ি আমদানির ক্ষেত্রে প্রস্তাবিত বাজেটে যে প্রস্তাব করা হয়েছিল তা সংশোধন করা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। সংশোধনী প্রস্তাবে ১০০০ সিসি থেকে ১৫০০ সিসি পর্যন্ত অপেক্ষাকৃত ছোট গাড়ির সম্পূরক শুল্ক ৩০ শতাংশ নির্ধারণ করার কথা বলা হয়েছে। এর আগে প্রস্তাবিত বাজেটে গাড়ি আমদানির ক্ষেত্রে শুল্ক ৪৫ শতাংশ আরোপ করা হয়েছিল। তবে প্রস্তাবিত বাজেটে ১৫০১ থেকে ২০০০ সিসি পর্যন্ত গাড়ির সম্পূরক শুল্ক হার ১০০ শতাংশ থাকলেও তা বাড়িয়ে ৩৫০ শতাংশ করার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। ৪০০০ সিসির ওপরে গাড়ির সম্পূরক শুল্ক ৫০০ শতাংশ এবং ১৮০০ সিসির মাইক্রোবাস আমদানির ক্ষেত্রে সম্পূরক শুল্ক ৩০ থেকে কমিয়ে ২৫ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে। অন্যদিকে, মধ্যবিত্তদের বাহন হিসেবে বিবেচনা করে মোটর সাইকেলের সম্পূরক শুল্ক ৩০ থেকে কমিয়ে ২৫ শতাংশ এবং নিউজপ্রিন্টের আমদানি শুল্ক ৫ শতাংশ থেকে কমিয়ে ৩ শতাংশ করার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এছাড়া মোবাইল সেটের ক্ষেত্রে আমদানি শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১২ শতাংশ করার প্রস্তাব করেছেন তিনি। অন্যান্য সংশোধন অর্থমন্ত্রী তার বাজেট প্রস্তাবে আরও যে সব সংশোধনী এনেছেন সেগুলোর মধ্যে রয়েছে, আয়কর খাতে ব্যক্তি খাতে ৫ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগের ক্ষেত্রে করা রেয়াতের যে প্রস্তাব করা হয়েছিল তা বাড়িয়ে ১০ লাখ টাকা করা। কম্পিউটারের ক্ষেত্রে উৎসে কর অব্যাহতি দেওয়া হয়েছে। এছাড়া এক লাখ টাকার 'ল্যাপটপ' ও ৫০ হাজার টাকার 'ডেস্কটপ'-এর ক্ষেত্রে কর রেয়াত দেওয়া হয়েছে। সংশোধিত বাজেটে সিগারেটের ওপর ভ্যাট আরও বাড়ানো হয়েছে। চলতি বাজেটে সিগারেটের ওপর ভ্যাট নির্ধারিত ছিল ১২ শতাংশ। প্রস্তাবিত বাজেটে তা বাড়িয়ে ২৩ শতাংশ করা হয়। সংশোধিত বাজেটে তা আরও বাড়িয়ে ২৮ শতাংশ করার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। তবে বিড়ির ওপর ভ্যাট বাড়ানোর প্রস্তাব অর্থমন্ত্রী প্রত্যাহার করে নিয়েছেন। এছাড়া আসবাবপত্র সামগ্রী ওপর ভ্যাট ৪ দশমিক ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করার যে প্রস্তাব করা হয়েছিল তা প্রত্যাহার করে ৪ দশমিক ৫ শতাংশে নামিয়ে আনা হয়েছে। ইউনানী, হারবাল ও আয়ুর্বেদিক চিকিৎসার ওপর ভ্যাট আরোপের যে প্রস্তাব করা হয়েছিল তাও প্রত্যাহার করে নিয়েছেন অর্থমন্ত্রী। এছাড়া গ্লাস শীটের ওপর সম্পূরক শুল্ক আরোপের প্রস্তাব প্রত্যাহার করা হয়েছে। গত ১১ জুন জাতীয় সংসদে ২০০৯-১০ অর্থবছরের বাজেট পেশ করেন আবুল মাল আবদুল মুহিত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এএল/এসকে/২৩৫৫ঘ.