চট্টগ্রাম, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- উন্নয়ন অনুদানের ওপর নির্ভর করে ২০০৯-১০ অর্থ বছরের ৩ হাজার ১শ'২৭ কোটি টাকার উচ্চাভিলাষী বাজেট ঘোষণা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)।
কর্পোরেশন মিলনায়তনে রোববার দুপুরে এ বাজেট ঘোষণা করেন মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী।
বাজেটে নগরীর এয়ারপোর্ট থেকে দেওয়ানহাট মোড় পর্যন্ত ফ্লাইওভার, সদরঘাট থেকে কালুরঘাট পর্যন্ত মেরিন ড্রাইভ সড়ক নির্মাণ ও নদী শাসনের জন্যই ব্যয় ধরা হয়েছে আড়াই হাজার কোটি টাকা। তবে সরকারি অনুদান পাওয়া সাপেক্ষে এসব প্রকল্প বাস্তবায়ন করা হবে বলে সিটি মেয়র তাঁর বাজেট বক্তব্যে উল্লেখ করেন।
২০০৮-০৯ অর্থ বছরে ৬২২ কোটি ৬ লাখ টাকার বাজেট প্রস্তাব করা হলেও ২শ'৩৯ কোটি ১৩ লাখ টাকার সংশোধিত বাজেটও উপস্থাপন করা হয়।
গত অর্থ বছরের বাজেটে বকেয়া কর প্রাপ্তি থেকে সর্বোচ্চ আয় ধরা হলেও এবার সর্বোচ্চ আয় দেখানো হয়েছে উন্নয়ন অনুদান খাতে ২ হাজার ৬শ'৪৪ কোটি ২৬ লাখ টাকা। গত অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে অনুদানের পরিমাণ ছিল মাত্র দেড়শ কোটি টাকা। কর্পোরেশনের নিজস্ব উৎসে আয় দেখানো হয়েছে ৪শ'৬৪ কোটি ৯৪ লাখ টাকা। এর মধ্যে বকেয়া কর থেকে আয় দেখানো হয় প্রায় ২শ'৬২ কোটি টাকা।
বাজেটে উল্লেখযোগ্য তিনটি ব্যয়ের খাত দেখানো হয়েছে পরিচালনা ও রক্ষণাবেক্ষণ, স্থায়ী সম্পদ এবং বাণিজ্যিক রাজধানীর জলাবদ্ধতা নিষ্কাশনসহ উন্নয়ন। খাতওয়ারী ব্যয় ধরা হয়েছে যথাক্রমে ১শ'৫৪ কোটি ৭৪ লাখ ৫০ হাজার, ৮৮ কোটি ৭০ লাখ ও ২ হাজার ৮শ'৪ কোটি ২১ লাখ টাকা।
বাজেট বক্তব্যে মেয়র মহিউদ্দিন চৌধুরী এবারও নতুন করে কোন করা আরোপ না করার ঘোষণা দেন। তিনি বলেন, চট্টগ্রামকে একটি আধুনিক নগরী হিসেবে গড়ে তোলার জন্য সম্ভাব্য সকল প্রকার উদ্যোগ নেওয়া হবে।
এছাড়া মেয়র নয়টি উন্নয়ন প্রকল্পের কাজ শুরু করার ঘোষণা দেন। মন্ত্রণালয়ের অনুমোদন ও অর্থ বরাদ্দ সাপেক্ষে চলতি অর্থবছরে এসব প্রকল্প বাস্তবায়ন করা হবে বলে তিনি জানান।
মেয়র তার বক্তব্যে জানান, সরকারি ও স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠানের কাছে বকেয়া কর প্রায় ৩০০ কোটি টাকা। তার মধ্যে সারচার্জ ছাড়া চট্টগ্রাম বন্দরের কাছে ১শ'৯২ কোটি, রেলওয়ের কাছে ৪৮.৭৫ কোটি, সিডিএ'র কাছে ৭.৮২ কোটি এবং চট্টগ্রাম স্টিল মিলের কাছে প্রায় ৬ কোটি টাকা বকেয়া রয়েছে।
এসব কর বকেয়া থাকায় নগরীর উন্নয়ন কাজ বাধাগ্রস্ত হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।
বাজেট ঘোষণা অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী ইমতিয়াজ হোসেন চৌধুরী, সচিব মো. শামসুদ্দোহা, অর্থ ও সংস্থাপন স্থায়ী কমিটির চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ হোসেন হিরনসহ অন্যান্য কাউন্সিলর ও কর্পোরেশনের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এসকে/২১৫৫ঘ.
bdnews24