২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

এ বছরের বাজেট নারী সংবেদনশীল নয়: আকবর আলি খান

সাবেক উপদেষ্টা আকবর আলি খান প্রস্তাবিত বাজেটে নারীদের জন্য দেওয়া বরাদ্দের কড়া সমালোচনা করে শনিবার বলেছেন, এ বছরের বাজেট নারী সংবেদনশীল নয়। আকবর আলি মন্তব্য করেন, এ বাজেটে যেসব প্রকল্পে নারীদের সম্পৃক্ত করা হয়েছে, তা 'লজ্জাকর ও হতাশাব্যঞ্জক'।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2009, 03:34 PM

Updated : 26 Aug 2022, 11:39 AM

ঢাকা, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক উপদেষ্টা আকবর আলি খান প্রস্তাবিত বাজেটে নারীদের জন্য দেওয়া বরাদ্দের কড়া সমালোচনা করে শনিবার বলেছেন, এ বছরের বাজেট নারী সংবেদনশীল নয়। আকবর আলি মন্তব্য করেন, এ বাজেটে যেসব প্রকল্পে নারীদের সম্পৃক্ত করা হয়েছে, তা 'লজ্জাকর ও হতাশাব্যঞ্জক'। নারী সংগঠন বাংলাদেশ মহিলা পরিষদের উদ্যোগে 'ঘোষিত জাতীয় বাজেট (২০০৯-১০) : জেন্ডার প্রেক্ষিত' শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিমত দেন। আকবর আলি খান বলেন, প্রস্তাবিত বাজেটে অনেক অবান্তর প্রসঙ্গ রয়েছে যার সঙ্গে নারীদের কোন সম্পর্ক নেই। তিনি মন্তব্য করেন, নারী উন্নয়নে মহিলাদের জন্য বাজেটে অর্থ বরাদ্দই মূল বিষয় নয়, বরং উন্নয়নের জন্য তাদের ক্ষমতায়ন করতে হবে। সমাজে তাদের অবস্থান সুসংহত করতে হবে। নারী উদ্যোক্তাদের উৎসাহিত করার জন্য বাজেটে বিশেষ বরাদ্দ রাখার তাগিদ দেন তিনি। সংগঠনের সভাপতি আয়েশা খানমের সভাপতিত্ব ও সঞ্চালনায় অনুষ্ঠিত ওই সভায় আরো বক্তব্য দেন সাধারণ সম্পাদক মালেকা বানু। এতে মূল নিবন্ধ উপস্থাপন করেন বিআইডিএস'র গবেষক ড. নাজনীন আহমেদ। আকবর আলি খান প্রস্তাবিত বাজেটে দেওয়া নারী সংবেদনশীল প্রকল্পগুলো প্রত্যাহার করার আহ্বান জানিয়ে বলেন, "যে চারটি মন্ত্রণালয়ে নারী সংবেদনশীল বিষয়ে পৃথক বরাদ্দের ব্যাখ্যা দেওয়া হয়েছে, তা অর্থমন্ত্রী নিজেও দেখেননি। এগুলো গত বছরের বাজেটের ধারাবাহিকতায় করা হয়েছে। অর্থমন্ত্রী এসব দেখলে হয়তো অনুমোদন দিতেন না।" ছাগল পালন বিষয়ক 'ব্ল্যাক বেঙ্গল গোট' প্রকল্পের সঙ্গে নারীর সম্পর্ক নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, "এ ধরণের প্রকল্প প্রত্যাহার করা উচিৎ। মহিলা পরিষদের উচিত এটি বাতিলের দাবি করা।" মূল নিবন্ধে ড. নাজনীন আহমেদ বলেন, প্রস্তাবিত বাজেটে নারী সংবেদনশীল খাতে যে প্রায় ৩০ শতাংশ বরাদ্দ রাখা হয়েছে তার ১২ শতাংশই অপ্রদর্শিত খাতে বা পরোক্ষ বরাদ্দ। বাকী ১৮ শতাংশ প্রত্যক্ষ বরাদ্দ। এবারের বাজেটে নারীদের জন্য প্রায় পাঁচ হাজার ৯৩৬ কোটি টাকা বেশি বরাদ্দ দেওয়া হলেও আনুপাতিক হারে তা আগের বছরের তুলনায় তেমন বেশি নয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসকে/২১৩৯ঘ.