২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

'বিড়াল ইঁদুর ধরে কি না সেটাই বড় কথা'

কালো টাকা সাদা করার প্রস্তাবের পক্ষে অভিমত ব্যক্ত করে সমালোচকদের উদ্দেশে শিল্পমন্ত্রী দীলিপ বড়ুয়া বলেছেন, বিড়াল কালো না সাদা সেটা বড় কথা নয়; বিড়াল ইঁদুর ধরে কি না সেটাই বড় কথা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2009, 02:52 PM

Updated : 26 Aug 2022, 11:39 AM

ঢাকা, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কালো টাকা সাদা করার প্রস্তাবের পক্ষে অভিমত ব্যক্ত করে সমালোচকদের উদ্দেশে শিল্পমন্ত্রী দীলিপ বড়ুয়া বলেছেন, বিড়াল কালো না সাদা সেটা বড় কথা নয়; বিড়াল ইঁদুর ধরে কি না সেটাই বড় কথা। বুধবার ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (ডিসিসিআই) ভবনে 'বাজেট ২০০৯-১০ প্রেক্ষিত দেশিয় শিল্প উন্নয়ন' শীর্ষক সেমিনারে তিনি এ মন্তব্য করেন। অপ্রদর্শিত হাজার হাজার কোটি টাকা বৈধ করার বিষয়ে গুরুত্ব আরোপ করে মন্ত্রী আরো বলেন, "প্রয়োজনে কালো টাকার ওপর ৩৫ থেকে ৪০ শতাংশ হারে কর আদায় করে শুধু শিল্প খাতে এ অর্থ বিনিয়োগের সুযোগ দেওয়া যেতে পারে।" বিগত তত্ত্বাবধায়ক সরকারের দুর্নীতি বিরোধী অভিযানের সমালোচনা করে তিনি বলেন, "অপ্রদর্শিত আয় এ সমাজ থেকেই সৃষ্টি হয়েছে। গত তত্ত্বাবধায়ক সরকারের সময়ও অনেক কালো টাকার জন্ম হয়েছে।" সেমিনারে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক দুই উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান ও এবি মির্জ্জা আজিজুল ইসলাম উপস্থিত ছিলেন। মির্জ্জা আজিজুল বলেন, "বিদ্যুতের সিস্টেম লস অনেক বেড়ে গেছে। আমাদের সময় ৪৫০ মেগাওয়াট অতিরিক্ত বিদ্যুৎ যোগ হয়েছে। তখন ২ ঘণ্টা লোডশেডিং ছিল আর এখন ৬ ঘণ্টা।" তিনি এ বিষয়ে সরকারের ব্যাখ্যা চান। অবশ্য সাবেক বাণিজ্য ও শিক্ষা উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান কারো সমালোচনা না করে অভ্যন্তরীন খাতকে কীভাবে আরো গুরুত্ব দেওয়া যায় সে বিষয় নিয়ে চিন্তা করার পরামর্শ দেন। এসএমই ফাউন্ডেশনকে আরো গতিশীল করার সুপারিশ করে তিনি বলেন, "বাণিজ্য, শিল্প ও দক্ষতা বৃদ্ধির নীতির মধ্যে সমন্বয় করতে না পারলে সুফল আসবে না। শিল্পে দক্ষ মানবসম্পদ বাড়ানোর জন্য 'বিজিএমইএ ইনস্টিটিউট অব ফ্যাসন অ্যান্ড টেকনোলজি'কে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করা দরকার।" সেমিনারে ডিসিসিআইয়ের ভারপ্রাপ্ত সভাপতি এম এস সেকিল চৌধুরী অগ্রীম ভ্যাট আগের মতো দেড় শতাংশ রাখার সুপারিশ করে বলেন, "অর্থনীতিতে অপ্রদর্শীত আয়ের পরিমাণ কমিয়ে আনার লক্ষ্যে কর্পোরেট কর কমাতে হবে।" এছাড়া মধ্যবর্তী পণ্যের ওপর রেগুলেটরি ডিউটি আরোপ না করা, আমদানি করা তৈরি পণ্য এবং স্থানীয়ভাবে উৎপাদিত পণ্যের কাঁচামালের শুল্ক পার্থক্য ন্যুনতম ২০ শতাংশ রাখা, শিল্পায়নের স্বার্থে ডিজেল ও ফার্নেস অয়েলের দাম কমানো এবং রুগ্ন শিল্পের উন্নয়নে উদ্যোগ নেওয়ার সুপারিশ করেন তিনি। শিল্পমন্ত্রী এবারের বাজেটকে অতীতের তুলনায় বেশি 'শিল্পবান্ধব' দাবি করে বলেন, এবারের বাজেটের অর্থ সংগ্রহের মাত্র ১৯ শতাংশ বিদেশি ঋণের উপর নির্ভর করা হয়েছে। এটি আমাদের আত্মনির্ভরশীল অর্থনীতি গড়ে তুলতে সহায়তা করবে। দেশকে শিল্পায়িত করতে 'অড সিচুয়েশন ও আনসিন' সমস্যার সমাধান দরকার বলেও মন্তব্য করেন তিনি। এছাড়া শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য যে সব কর্তৃপক্ষের অনুমতি লাগে তাদের সবাইকে একই সংস্থার আওতায় আনার ব্যাপারে গুরুত্বারোপ করেন দীলিপ বড়ুয়া। তবে মির্জ্জা আজিজুল ইসলাম প্রস্তাবিত বাজেটের সমালোচনা করে বলেন, "বাজেট শুধু শিল্প ও ব্যবসাবান্ধব হলেই হবে না, বাজেটকে ভোক্তাবান্ধবও হতে হবে। তবে এবারের বাজেট ভোক্তার চেয়ে বেশি ব্যবসা ও শিল্পবান্ধব হয়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এএল/এইচএ/২১০০ ঘ.