২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বাজেটে গুণগত উন্নয়নের দিক নির্দেশনা রয়েছে: ইব্রাহিম খালেদ

২০০৯-১০ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটে বিশেষ কিছু খাতে বরাদ্দ প্রত্যাশার তুলনায় অপ্রতুল হলেও এই বাজেটে গুণগত উন্নয়নের দিক নির্দেশনা রয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খন্দকার ইব্রাহিম খালেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2009, 02:17 PM

Updated : 26 Aug 2022, 11:37 AM

ঢাকা, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২০০৯-১০ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটে বিশেষ কিছু খাতে বরাদ্দ প্রত্যাশার তুলনায় অপ্রতুল হলেও এই বাজেটে গুণগত উন্নয়নের দিক নির্দেশনা রয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খন্দকার ইব্রাহিম খালেদ। মঙ্গলবার বেসরকারি উন্নয়ন সংস্থা সমুন্নয়ের বাজেট-পরবর্তী এক আলোচনা সভায় তিনি বলেন, "প্রস্তাবিত বাজেটে শিক্ষাখাতে বরাদ্দ কম রাখা হলেও বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রকল্প এতে প্রস্তাব করা হয়েছে।" নতুন বাজেটে তিনটি নতুন বিশ্ববিদ্যালয় ও উপজেলা পর্যায়ে ৩০০ মডেল স্কুল স্থাপন এবং সরকারি ও কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন এক পর্যায়ে নিয়ে আসার যে প্রস্তাব করা হয়েছে তা বাস্তবায়নেরও দাবি জানান তিনি। এছাড়া পরের বাজেটে মাধ্যমিক পর্যন্ত শিক্ষাকে বাধ্যতামূলক করার পরামর্শ দেন খন্দকার ইব্রাহিম। তিনি বলেন, "এর মাধ্যম মানব সম্পদের উন্নয়নে একটি নতুন দিক উন্মোচিত হবে।" বহুল আলোচিত কালো টাকা সাদা করার সুযোগ দেওয়ার প্রক্রিয়া নিয়ে ভিন্নমত প্রকাশ করে সাবেক ডেপুটি গভর্নর জানান, "এটি বোধগম্য নয় কেন বাজেটে তিন বছরের জন্য এরকম সুযোগ দেওয়ার প্রস্তাব করা হয়েছে।..এরকম সুযোগ কেবল একবারই এবং একইসঙ্গে সবার জন্য দেওয়া উচিত ছিল।" "এমনও হতে পারে জরুরি অবস্থা চলাকালে গত দু'বছরে পাচার হয়ে যাওয়া অর্থ ফিরিয়ে আনতে এরকম সময় লাগতে পারে- এ বিষয়টি অর্থমন্ত্রী চিন্তা করেছেন।" জনপ্রশাসনকে উজ্জীবিত করতে বাজেটে সংস্কার কর্মসূচি থাকা উচিত বলেও মত দেন ইব্রাহীম। সমুন্নয়ের বাজেট পর্যালোচনায় বলা হয়েছে, ব্যাংক ঋণ থেকে বাজেট ঘাটতি মেটানোর ফলে বেসরকারি খাতে ঋণ প্রবাহ কমে যাবে এবং তা মূল্যস্ফীতি বাড়াবে। ব্যাপক হারে কালোটাকা সাদা করার সুযোগ দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সহায়তা করবে বলেও ওই পর্যালোচনায় বলা হয়। সমুন্নয়ের রিসার্চ ফেলো সেলিম রায়হান বলেন, "তিন বছরের জন্য এ ধরনের সুযোগ দেওয়া অর্থনৈতিক ও আদর্শগতভাবে সঠিক হয়নি।" পর্যালোচনায় প্রতিরক্ষা খাতে বরাদ্দ আগের অর্থবছরের তুলনায় ৪১৫ কোটি টাকা বাড়ানোর সমালোচনা করে বলা হয়, এতে সরকারের মোট ব্যয় খাতে চাপ পড়বে। তাছাড়া প্রতিরক্ষা ব্যয় স্বচ্ছতার সঙ্গে হওয়া উচিত বলে মন্তব্য করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজের শিক্ষক ও সমুন্নয়ের গবেষক আবু ইউছুফ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচএন/এএল/এসকে/১৯২৬ঘ.