ঢাকা, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কালো টাকা সাদা করার প্রস্তাবিত মেয়াদ পুনর্বিবেচনার সুযোগ আছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
সেই সঙ্গে গাড়ি ও মোবাইল ফোন সেটের আমদানি শুল্ক এবং মোবাইল সিমের ওপর নির্ধারিত করের বিষয়েও একই কথা বলেছেন তিনি।
তবে এ সব ক্ষেত্রে প্রস্তাবিত সময় কিংবা কর কমানোর কথা স্পষ্ট করে বলেননি অর্থমন্ত্রী। তিনি শুধু বলেছেন, সংসদের ভেতরে-বাইরে সবার আলোচনার ভিত্তিতেই এ সব বিষয় পুনর্বিবেচনার প্রয়োজন হলে তা বিবেচনা করা হবে।
অর্থমন্ত্রীর সঙ্গে মঙ্গলবার বিশ্বব্যাংকের সহযোগী সংস্থা ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশনের (আইএফসি) পরিবেশ বিষয়ক বিভাগের পরিচালক পিয়ের গুইলিয়ন বৈঠক করেন।
এরপর মুহিত সাংবাদিকদের বলেন, "প্রস্তাবিত বাজেটের তিনটি বিষয় নিয়ে বেশি আলোচনা-সমালোচনা হয়েছে।
"সেগুলো হচ্ছে- টানা তিন বছর অপ্রদর্শিত আয় বৈধ করার সুযোগ দেওয়া; গাড়ির আমদানি শুল্ক বাড়ানো; মোবাইল ফোন সেটের ওপর বেশি শুল্ক আরোপ করা এবং সিমের ওপর চলতি অর্থবছরের নির্ধারিত 'সিম ট্যাক্স' অপরিবর্তিত রাখা।"
এছাড়া গুঁড়ো দুধের ওপর বেশি শুল্ক আরোপ করা হয়েছে বলেও সমালোচনা এসেছে বলে অর্থমন্ত্রী জানান।
বাজেটের সমালোচনার বিষয়ে অর্থমন্ত্রী বলেন, "প্রতিবারই এ ধরনের আলোচনা-সমালোচনা হয়। চিৎকার-চ্যাঁচামেচি না করলে তো বোঝা যাবে না, কার কী ক্ষতি হয়েছে। বাজেট আলোচনা এখনও শুরু হয়নি। কাল (বুধবার) থেকে সংসদে বাজেট আলোচনা শুরু হবে। সে আলোচনায় অবশ্যই এ বিষয়গুলো আসবে। সংসদের ভেতরে-বাইরে সবার আলোচনার ভিত্তিইে এ সব বিষয়ে পুনর্বিবেচনার প্রয়োজন হলে তা বিবেচনা করা হবে।"
তিন বছর কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, "অনেকে বলছেন, এর মেয়াদ তিন বছরের জায়গায় এক বছর হলে ভালো হতো। কিন্তু এখানে একটি বিষয় স্পষ্ট, কোনও ব্যক্তি কালো টাকা সাদা করতে চাইলে তাকে আগে অবশ্যই বলতে হবে যে কয়টি বা কী ধরনের শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলবে; কত কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। আর এ কাজগুলো সম্পন্ন করতেই এক বছর পার হয়ে যাবে।"
কালো টাকা সাদা করার ক্ষেত্রে আয়ের উৎস জানা হবে কিনা- এ প্রশ্নের উত্তরে মুহিত বলেন, "যেহেতু বাজেটে কোনও প্রশ্ন ছাড়া কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছে, সেহেতু আয়ের উৎস জানতে চাওয়া যৌক্তিক হবে না।"
শুক্রবার বাজেটোত্তর সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী জানিয়েছিলেন, কালো টাকা সাদা করার সুযোগ দেওয়ার ফলে আমরা (সরকার) সফল হবো কিনা-তা এখনও নিশ্চিত করে বলতে পারছি না। তবে আমরা এ বিষয়টিকে নিয়মিত পর্যবেক্ষণ করবো। যদি দেখি কোনও ব্যক্তি এ সুযোগ নিয়ে (কালো টাকা সাদা করে) দেশে শিল্প-প্রতিষ্ঠান গড়ে তোলেনি, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেনি, তবে ২০১২ সালের পর এ সুযোগ সম্পূর্ণভাবে প্রতাহার করে নেওয়া হবে।
গত ১১ জুন প্রধান বিরোধী দল বিএনপির অনুপস্থিতিতে সংসদে ২০০৯-১০ অর্থবছরের জন্য ১ লাখ ১৩ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব করেন অর্থমন্ত্রী।
প্রস্তাবিত বাজেটে মোবাইল ফোন সেট আমদানির ক্ষেত্রে ২৫ শতাংশ আমদানি শুল্ক আরোপ করা হয়েছে। চলতি বাজেটে প্রতি সেট আমদানির ক্ষেত্রে নির্দিষ্ট ৩০০ টাকা কর দিতে হতো।
আর গাড়ি আমদানির ক্ষেত্রে বর্তমানে যে শুল্ক আরোপিত আছে তার সঙ্গে ২৩ দশমিক ৫৫ থেকে ৩৯৫ দশমিক ৬০ শতাংশ পর্যন্ত শুল্ক বাড়বে।
পিপিপি বাস্তবায়নে কারিগরি সহায়তা দেবে আইএফসি
অর্থমন্ত্রী মুহিত সাংবাদিকদের জানান, আইএফসি পরিচালকের সঙ্গে বৈঠকে নতুন বাজেটের সরকারি-বেসরকারি অংশীদারিত্ব (পিপিপি) এবং জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশের ক্ষতি পুষিয়ে দিতে কারিগরি সহায়তা নিয়ে আলোচনা হয়েছে।
আইএফসি এ দুই খাতে কারিগরি সহায়তা দিতে রাজি হয়েছে বলে জানান তিনি।
কী পরিমাণ সহায়তা পাওয়া যাবে- জানতে চাওয়া হলে অর্থমন্ত্রী বলেন, "এখনও সে বিষয়ে কিছু চূড়ান্ত হয়নি।"
পিয়ের গুইলিয়ান সাংবাদিকদের বলেন, "আইএফসি বিভিন্ন দেশে পিপিপি বাস্তবায়নে কারিগরি সহায়তা দিয়েছে। বাংলাদেশকেও তারা এ সহায়তা দিতে চায়।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এমআই/১৯০০ ঘ.
bdnews24