২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সিম কর অব্যাহত রাখায় মোবাইল ফোন কোম্পানির হতাশা

মোবাইল ফোনের নতুন সংযোগে প্রতিটি নতুন সিমকার্ডের জন্য ৮০০ টাকার কর দেওয়ার বিষয়টি চলতি বাজেটে অব্যাহত রাখায় হতাশা ব্যক্ত করেছে মোবাইল ফোন কোম্পানিগুলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2009, 05:44 PM

Updated : 26 Aug 2022, 11:36 AM

ঢাকা, জুন ১৪(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মোবাইল ফোনের নতুন সংযোগে প্রতিটি নতুন সিমকার্ডের জন্য ৮০০ টাকার কর দেওয়ার বিষয়টি চলতি বাজেটে অব্যাহত রাখায় হতাশা ব্যক্ত করেছে মোবাইল ফোন কোম্পানিগুলো। অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটর্স ইন বাংলাদেশ (এএমটিওবি) এর কর্মকর্তারা রোববার রাজধানীতে এক হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ হতাশা ব্যক্ত করেন। বৃহস্পতিবার ২০০৯-১০ সালের প্রস্তাবিত চলতি বাজেটে সিম কর অব্যাহত রাখার ঘোষণা দেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। সংবাদ সম্মেলনে গ্রামীণফোনের প্রধান নির্বাহী ওডভার হেসেদাল বলেন,"ভারতে টেলিকম কর সবচেয়ে কম এবং তাদের প্রবৃদ্ধি দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি।" তিনি আরও বলেন, "আমরা সিম কার্ডের করে ভর্তুকি আর দিচ্ছি না। এটি শুধু আমাদের নয়, অন্য অপারেটররাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা এখন গ্রামাঞ্চলে ব্যবসা বাড়াচ্ছি যদিও সেখানে ব্যবসা ভালো নয়। তাই উচিত হবে সিম কর তুলে দেওয়া।" মোবাইল ফোন কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে নতুন ওয়ারিদের প্রধান নির্বাহী মুনীর ফারুকী আরও একধাপ এগিয়ে বলেন,"সিম কর না কমালে হয়তো বাক্স গুছিয়ে আমাদের চম্পট দিতে হবে।" এএমটিওবি প্রেসিডেন্ট জাকিউল ইসলাম বলেন,"আমরা ভীত সিম করের কারণে ভবিষ্যতে এ সেক্টরের বিনিয়োগ বিরাট ক্ষতির সম্মুখীন হবে। কারণ এটা কিছুটা সত্য যে নতুন গ্রাহকরা কম আয়ের। তাদের জন্য সিম করের ভর্তুকি দিয়ে অপারেটরদের কোনও ব্যবসা হয় না, যখন থেকে প্রতিটি নতুন গ্রাহক খুব অল্পই রাজস্ব আনে।" এএমটিওবি এক বিজ্ঞপ্তিতে বলেছে, তাদের এক নিরীক্ষায় দেখা গেছে সিম কর তুলে দেওয়া হলে আগামী পাঁচ বছরের মধ্যে দেশের ৫৬.৭ ভাগ মানুষ এর সুবিধা পেতে পারে। আর সরকারও ২০১৩ সালের মধ্যে ৫ হাজার কোটি টাকার রাজস্ব আদায় করতে পারবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এএম/এসকে/২৩৫৩ঘ.